পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা আজ থেকে শুরু
- আপডেট সময় : ০৪:১৯:২৬ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
বিশ্ব মুসলিমের মহামিলনমেলা পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা আজ সোমবার থেকে শুরু হয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো ধর্মপ্রাণ মুসলমান ইতোমধ্যে মিনার তাঁবুর নগরীতে সমবেত হয়েছেন। এর আগে, গত রবিবার এশার নামাজের পর থেকেই হাজিরা ধাপে ধাপে মিনার উদ্দেশে রওনা হতে শুরু করেন।
ইহরামের সাদা পোশাকে আল্লাহর দরবারে হাজিদের আত্মসমর্পণের এক অনন্য ও আবেগঘন দৃশ্যের সৃষ্টি হয়েছে পুরো হজ এলাকায়। শরিয়তের বিধান অনুযায়ী, ৮ জিলহজ হাজিরা মিনায় অবস্থান করবেন। সেখানে অবস্থানকালে তারা ফজর থেকে শুরু করে এশা পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন এবং মহান আল্লাহর ইবাদত-বন্দেগিতে মশগুল থাকবেন। মিনায় রাতযাপনের পর আগামীকাল ৯ জিলহজ (মঙ্গলবার) তারা হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুকন আদায়ের জন্য আরাফাতের ময়দানের উদ্দেশে রওনা হবেন।
এ বছর আরাফাতের ময়দানে হজের ঐতিহাসিক খুতবা প্রদান করবেন মসজিদে নববীর প্রধান ইমাম ও খতিব শায়েখ আলি বিন আবদুল রহমান আল-হুদাইফি। খুতবা শোনার পর হাজিরা সেখানে একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করবেন এবং সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করে দোয়া ও মোনাজাতে মগ্ন থাকবেন।
সূর্যাস্তের পর হাজিরা আরাফাত থেকে মুজদালিফার উদ্দেশে রওনা হবেন। সেখানে পৌঁছে মাগরিব ও এশার নামাজ একসঙ্গে আদায় করার পর খোলা আকাশের নিচে রাত কাটাবেন তারা। পরদিন ১০ জিলহজ সূর্যোদয়ের আগেই হাজিরা পুনরায় মিনায় ফিরবেন এবং বড় জামরায় কঙ্কর (পাথর) নিক্ষেপ করবেন। এরপর আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি, মাথা মুণ্ডন বা চুল ছোট করার মাধ্যমে হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। পরবর্তী ১১ ও ১২ জিলহজ মিনায় অবস্থান করে বাকি নিয়মকানুন শেষ করে সূর্যাস্তের আগেই হাজিরা মিনা ত্যাগ করবেন।
সংশ্লিষ্টদের ধারণা, চলতি বছর বিশ্বজুড়ে প্রায় ১৬ থেকে ১৮ লাখ মুসলমান হজ পালন করছেন। বাংলাদেশ থেকে এবার প্রায় সাড়ে ৭৮ হাজার হজযাত্রী সৌদি আরবে গিয়েছেন। পবিত্র হজ নির্বিঘ্ন ও সুশৃঙ্খল করতে সৌদি আরব প্রশাসন ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
কোটি হৃদয়ের অশ্রুসিক্ত প্রার্থনায় এখন মুখরিত পবিত্র ভূমি। আরাফাতের ময়দান থেকে মিনা— প্রতিটি ধাপে ধাপে প্রতিধ্বনিত হচ্ছে লাখো কণ্ঠের একটাই আহ্বান, “লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক”। সাদা ইহরামে আবৃত মানুষের এই ঢল যেন স্মরণ করিয়ে দেয় কেয়ামতের ময়দানের চিত্র— যেখানে ধনী-গরিব, রাজা-প্রজা সবাই সমান।


























