নতুন জুটি ও সিক্যুয়েল নিয়ে পর্দায় ফিরছেন ইয়ুমনা জায়েদি
- আপডেট সময় : ০১:০৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
পাকিস্তানি টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী ইয়ুমনা জায়েদি আবারও নতুন প্রজেক্ট নিয়ে ছোট পর্দায় ফিরছেন। ‘তেরে বিন’ নাটকে মীরব চরিত্রে অভিনয় করে উপমহাদেশজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া এই অভিনেত্রীকে ঘিরে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে।
কিছুদিনের বিরতির পর ইয়ুমনা একাধিক নতুন নাটক নিয়ে হাজির হচ্ছেন। পুরোনো জনপ্রিয় জুটির পুনর্মিলন থেকে শুরু করে নতুন সহশিল্পীর সঙ্গে রসায়ন—সব মিলিয়ে তার আসন্ন প্রজেক্টগুলো নিয়ে আলোচনা চলছে বিনোদন অঙ্গনে।
সূত্রের খবর অনুযায়ী, ইয়ুমনার আলোচিত চারটি প্রজেক্টের মধ্যে রয়েছে ‘ক্যাফে ফিরাক’, ‘তেরে বিন ২’, ‘লায়লা মজনু’ ও ‘পারিযাদ ২’।
‘ক্যাফে ফিরাক’-এ নতুন জুটি
নতুন নাটক ‘ক্যাফে ফিরাক’-এ ইয়ুমনা জায়েদির বিপরীতে দেখা যেতে পারে অভিনেতা আহাদ রেজা মীরকে। এই নাটকের মাধ্যমে প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় হাজির হবেন তারা। একটি ইরানি পরিবারের গল্প ঘিরে নাটকটির কাহিনি তৈরি হয়েছে বলে জানা গেছে। শিগগিরই এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
ফিরছে ‘তেরে বিন ২’
ইয়ুমনার ক্যারিয়ারের অন্যতম সফল নাটক ‘তেরে বিন’-এর দ্বিতীয় কিস্তি নিয়েও দর্শকদের আগ্রহ ব্যাপক। ‘তেরে বিন ২’-এ আবারও মীরব চরিত্রে ইয়ুমনা জায়েদি এবং মূর্তাসিম চরিত্রে ওয়াহাজ আলীকে দেখা যাবে। সেভেন্থ স্কাই এন্টারটেইনমেন্টের প্রযোজনায় ও সিরাজ-উল-হকের পরিচালনায় নির্মিত হতে যাওয়া নাটকটির শুটিং শিগগির শুরু হতে পারে।
বিলাল আব্বাসের সঙ্গে ‘লায়লা মজনু’
ইয়ুমনা ও বিলাল আব্বাস খানের নতুন নাটক ‘লায়লা মজনু’ নিয়েও ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। আইড্রিম এন্টারটেইনমেন্টের প্রযোজনায় নাটকটি পরিচালনা করছেন হাসিব হাসান। যদিও আনুষ্ঠানিকভাবে পুরো কাস্ট ঘোষণা করা হয়নি, তবে প্রধান চরিত্রে ইয়ুমনা ও বিলালকে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।
‘পারিযাদ ২’ নিয়ে আলোচনা
এদিকে দর্শকদের বহুল প্রতীক্ষিত নাটক ‘পারিযাদ’-এর দ্বিতীয় কিস্তি নিয়েও কাজ এগোচ্ছে। এতে ইয়ুমনা জায়েদি ও আহমেদ আলী আকবরের জনপ্রিয় জুটি আবারও ফিরতে পারে বলে আলোচনা চলছে। মূল লেখক হাশিম নাদিম খানের তত্ত্বাবধানেই তৈরি হচ্ছে সিক্যুয়েলের নতুন পরিকল্পনা।
নতুন এসব প্রজেক্টের মাধ্যমে ইয়ুমনা জায়েদি আবারও দর্শকদের মন জয় করতে পারবেন কি না, সেটিই এখন দেখার অপেক্ষা।






















