ঢাবিতে দৃশ্যমান পরিবর্তনের দাবি ডাকসু ভিপির
- আপডেট সময় : ০৪:০৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
- / ১৫৪২ বার পড়া হয়েছে
দায়িত্ব নেওয়ার ১১ মাসের মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পরিবেশ, শিক্ষার্থীদের নিরাপত্তা ও অধিকার আদায়ের ক্ষেত্রে দৃশ্যমান পরিবর্তন আনার দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।
শুক্রবার (২১ আগস্ট) পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ দাবি করেন।
সাদিক কায়েম বলেন, বর্তমান নেতৃত্ব দায়িত্ব নেওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মারামারি, হানাহানি, চাঁদাবাজি ও টেন্ডারবাজি শূন্যের কোঠায় নেমে এসেছে। শিক্ষার্থীদের অধিকার আদায়ের বিষয়টিও বর্তমান ডাকসু নেতৃত্ব প্রতিষ্ঠিত করেছে।
তিনি দাবি করেন, দায়িত্ব নেওয়ার পর গত ১১ মাসে যে কাজগুলো করা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫ বছরের ইতিহাসে অন্য কোনো নেতৃত্ব তা করতে পারেনি।
ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা পরিস্থিতিরও উন্নতি হয়েছে বলে দাবি করেন ডাকসু ভিপি। একাধিক জরিপের তথ্য তুলে ধরে তিনি বলেন, ৯৩ শতাংশ শিক্ষার্থী মনে করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বর্তমানে সবচেয়ে নিরাপদ অবস্থায় রয়েছে।
সাদিক কায়েম বলেন, শিক্ষার্থীদের কল্যাণকে কেন্দ্র করেই ডাকসুর কার্যক্রম পরিচালিত হচ্ছে। শিক্ষার পরিবেশ, নিরাপত্তা ও শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে ধারাবাহিকভাবে কাজ করা হচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ান। এতে পটুয়াখালী সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পঞ্চম ও অষ্টম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত এবং এসএসসি ও সমমান পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।
বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও নেতৃত্বের গুণাবলি অর্জনের মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।























