ঢাকাসহ সারাদেশের বিভিন্ন স্থানে চলছে পশুর চামড়া বেচাকেনা
- আপডেট সময় : ০৩:০৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬
- / ১৫৫২ বার পড়া হয়েছে
কোরবানির পর রাজধানী ঢাকাসহ সারাদেশের বিভিন্ন স্থানে চলছে পশুর চামড়া বেচাকেনা। তবে সাম্প্রতিক বছরগুলোর মতোই নির্ধারিত দাম না পাওয়া নিয়ে রয়েছে মৌসুমী ব্যবসায়ীদের নানা অভিযোগ। তারা বলছেন, সরকার দাম নির্ধারণ করলেও সেই দামে কোথাও চামড়া বিক্রি হচ্ছে না। অন্যদিকে চামড়ার আড়তদাররা বলছেন, সংরক্ষণ খরচ ও ট্যানারির সীমাবদ্ধতার কারণে বাজারে একসাথে অতিরিক্ত চাপ তৈরি হওয়ায় মূল্য-পতন ঘটে।
ঈদের দিন সকাল থেকেই রাজধানীর পোস্তা, হাজারীবাগ সহ বিভিন্ন আড়তে জড়ো হতে থাকে কোরবানির পশুর চামড়া। স্থানীয় মৌসুমী ব্যবসায়ী এবং মাদ্রাসা ও এতিমখানার প্রতিনিধিরা প্রায় বিনামূল্যে পাওয়া এসব কাচা চামড়া নিয়ে যান আড়তে। আর এই সুযোগটাই নেন আড়তদাররা। ছোট গরুর চামড়া ২ থেকে ৩শ’ টাকা এবং বড় গরুর চামড়া সর্বোচ্চ ৫ থেকে ৭শ’ টাকায় ক্রয় করেন আড়তদাররা। বিক্রেতাদের অভিযোগ, এই দাম সরকার নির্ধারিত মূল্যের অর্ধেকেরও কম। তবে চামড়া ব্যবসায়ীদের দাবি, লবণ ছাড়া চামড়া বেশীক্ষণ সংরক্ষণ করা যায় না। মৌসুমী ব্যবসায়ীরা লবণ-ছাড়া কাচা চামড়া তাৎক্ষণিক বিক্রি করলে লোকসান গুণতেই হবে।


























