ঝুলে আছে এনআইডি সংশোধনের দেড় লাখ আবেদন
- আপডেট সময় : ০৫:১৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের প্রায় দেড় লাখ আবেদন এখনও নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। আবেদনজট কমাতে এবং নাগরিকদের ভোগান্তি হ্রাসে সংশোধন প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে মাঠপর্যায়ে কিছু ক্ষমতা হস্তান্তরের পাশাপাশি চার সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে।
ইসির এনআইডি নিবন্ধন অনুবিভাগের সাম্প্রতিক প্রতিবেদনে দেখা গেছে, ২০২০ সাল থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত এনআইডি সংশোধনের জন্য ৬৩ লাখ ৭৮ হাজার ৩৭০টি আবেদন জমা পড়ে। এর মধ্যে ৬২ লাখ ৩০ হাজার ৫৯২টি আবেদন নিষ্পত্তি হয়েছে। অনুমোদন পেয়েছে ৪৯ লাখ ৩৫ হাজার ১৩৮টি এবং ১২ লাখ ৯৫ হাজার ৪৫৪টি আবেদন বাতিল করা হয়েছে। বর্তমানে ১ লাখ ৪৭ হাজার ৭৭৮টি আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে বেশি জটিলতা তৈরি হচ্ছে ‘ঘ’ ক্যাটাগরির আবেদনগুলোতে, যেখানে জন্মতারিখ, বয়স এবং বাবা-মায়ের নাম সংশোধনের বিষয় অন্তর্ভুক্ত। প্রয়োজনীয় নথিতে অসঙ্গতি, পর্যাপ্ত প্রমাণের অভাব এবং একই বিষয়ে একাধিকবার আবেদন করায় এসব আবেদনের জট বেড়েছে বলে জানিয়েছে ইসি।
এই পরিস্থিতি মোকাবিলায় জন্মতারিখ ও বয়স সংশোধনের ক্ষমতা জেলা ও উপজেলা/থানা নির্বাচন কার্যালয়ে ফিরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। এখন থেকে এসএসসি, জেএসসি ও পিএসসিসহ পাবলিক পরীক্ষার সনদের ভিত্তিতে স্থানীয় পর্যায় থেকেই এসব সংশোধন করা যাবে। ফলে নাগরিকদের আর ঢাকায় কেন্দ্রীয় কার্যালয়ে যেতে হবে না। এ বিষয়ে ইতোমধ্যে প্রজ্ঞাপনও জারি করেছে ইসি।
এছাড়া, এনআইডি সংশোধন প্রক্রিয়া আরও সহজ করতে গত ১৬ জুলাই চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে বিশেষ করে ‘ঘ’ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তির পদ্ধতি সহজ করা এবং পর্যাপ্ত প্রমাণসহ পুনরায় জমা দেওয়া আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির বিষয়ে সুপারিশ দিতে বলা হয়েছে।
এনআইডি নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশনস) সাইফুল ইসলাম বলেন, নাগরিকদের ভোগান্তি ও হয়রানি কমাতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। কমিটির সুপারিশের ভিত্তিতে প্রয়োজনীয় আরও পদক্ষেপ নেওয়া হবে।
ইসির সর্বশেষ ভোটার তালিকা অনুযায়ী, দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৪৩ জন।


























