জুলাই সনদ ও সংবিধান সংশোধন নিয়ে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে : মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৭:১৫:১৪ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
জুলাই সনদ ও সংবিধান সংশোধন নিয়ে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সংবিধান সংস্কার পরিষদ গঠনের প্রক্রিয়ায় একমত নয় বিএনপি। জানান, সরকারের ভেতরে যতই ঢোকা হচ্ছে, ততই আতঙ্কজনক অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির চিত্র স্পষ্ট হচ্ছে। ঢাকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক স্মরণসভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।
ঢাকার শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সদ্য প্রয়াত প্রফেসর ড. আব্দুল কুদ্দুসের এই স্মরণসভায় অতিথিরা অভিযোগ করেন গত দেড় দশকে দেশের সামগ্রিক শাসন ব্যবস্থাকে দুর্বল করে দিয়েছে আওয়ামী লীগ সরকার।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মেধাভিত্তিক ও ইতিবাচক ধারায় ছাত্র রাজনীতি পরিচালিত না হলে তা দেশের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।
তিনি বলেন, বিগত ১৫-১৬ বছরে একটি অস্বাস্থ্যকর রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে, যেখানে নৈতিকতার অবক্ষয় ঘটানো হয়েছে।
সংস্কার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বিএনপি হচ্ছে এদেশে সংস্কারের জনক। অথচ সংস্কারের নামে জামায়াত বর্তমানে যে আন্দোলন করছে তার উদ্দেশ্য হচ্ছে দেশকে অস্থিতিশীল করা।
বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সংস্কারের প্রয়োজনীয়তার ওপর জোর দেন বিএনপি মহাসচিব।




















