জঙ্গল ছলিমপুরে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সন্ত্রাসীদের গোলাগুলি
- আপডেট সময় : ০৬:০৯:২৯ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় সন্ত্রাসীদের দীর্ঘদিনের সাম্রাজ্য জঙ্গল ছলিমপুরে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সন্ত্রাসীদের গোলাগুলির কথা জানিয়েছে রেব। রোববার রাত ১টার দিকে যৌথ বাহিনীর ক্যাম্পে সন্ত্রাসী ইয়াছিন বাহিনী হামলা চালায়।
রেব ৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানান, রোববার দিবাগত রাত ১টার পর জঙ্গল সলিমপুরে সদ্য প্রতিষ্ঠিত রেব ক্যাম্প লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি করে। এতে ১০ থেকে ১২ জন রেব ও পুলিশের সদস্য আহত হয়েছে। এই ঘটনায় বেশ কিছু লোককে আটক করা হয়েছে। তিনি জানান, এই হামলার ঘটনায় জঙ্গল সলিমপুরের ইয়াসিন ও তার বাহিনীর হাত রয়েছে। তিনি আরও জানান, রাত ৩টার দিকে যৌথ বাহিনীর অভিযানে চারদিকে ঘেরাও করে রাখা হয়। চলতি বছর ১৯ জানুয়ারি রেবের একটি দল জঙ্গল সলিমপুরে অভিযানে গেলে স্থানীয়রা গণপিটুনি দিয়ে হত্যা করে রেবের উপ-সহকারী পরিচালক নায়েক সুবেদার মোতালেব হোসেন ভূঁইয়াকে। এরপর গত ৯ মার্চ আইন-শৃঙ্খলা বাহিনীর তিন হাজার ১৮৩ জন সদস্যকে নিয়ে অভিযানে যায় স্থানীয় প্রশাসন। অভিযানে বেশ কয়েকজনকে ধরা হলেও ইয়াছিন ছিলেন অধরা। চট্টগ্রামের নবনিযুক্ত পুলিশ সুপার মাসুদ আলম সম্প্রতি জানান সরকার ছলিমপুরে পুলিশ ট্রেনিং একাডেমি নির্মাণের পরিকল্পনা করছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের আগামী ৩১ মে জঙ্গল ছলিমপুর পরিদর্শনের কথা রয়েছে।

























