ছুটির দিনে অমর একুশে বইমেলায় প্রাণচাঞ্চল্য
- আপডেট সময় : ১০:২৭:৪১ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
- / ১৯২৩ বার পড়া হয়েছে
ছুটির দিনে প্রাণচাঞ্চল্যে ভরে উঠেছে অমর একুশে বইমেলা। চারদিকে শুধু ছোট্ট ছোট্ট স্বপ্নবাজদের আনাগোনা। কেউ এসেছে ভূতের গল্পের খোঁজে। আবার, কেউ বা সায়েন্স ফিকশনের খোঁজে। বইয়ের প্রতি ছোটদের আগ্রহ বাড়াতে আয়োজিত শিশু প্রহরে গল্প, গান আর কবিতা আবৃত্তি ব্যবস্থা ছিলো। বাবা–মায়ের সঙ্গে বইমেলায় এসে তারাও মেতেছে বই কেনা, গল্প শোনা আর বায়স্কোপ দেখার আনন্দে।
ছুটির দিনে বইমেলার শিশু চত্বর যেন ছোট্ট পাঠকদের মিলনমেলা। রঙিন গল্পের বই, ছড়া আর কিশোর উপন্যাস ঘেঁটে ঘেঁটে নিজেদের পছন্দের বই খুঁজে নিচ্ছে শিশুরা। কেউ কিনছে নতুন বই, আবার কেউ বসেছে গল্প শোনার আসরে।
শিশু প্রহরে ছোটদের অংশগ্রহণে চলছে গান, কবিতা আবৃত্তি আর গল্প বলা। কঁচি কণ্ঠে কবিতা আর গানে মুখর হয়ে উঠে মেলা অঙ্গন।
বইয়ের পাতায় পাতায় আঁকা স্বপ্নের জগতে ঘুরেছে শিশুরা। শিশু প্রহর যেন স্বপ্নের সেই রাজ্যকে বাস্তবে রূপ দিতে প্রস্তুত ছিলো।
এদিকে, শিশুদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে বায়স্কোপ। পুরোনো দিনের ঐতিহ্যময় সেই বিনোদনে ডুবে ছিলো শিশুরা।
বইমেলার শিশু প্রহর হয়ে উঠেছে ছোটদের আনন্দের এক রঙিন জগৎ। গল্প, কবিতা আর প্রবন্ধের সঙ্গে তাদের মিতালীতেই সৃষ্টি হবে জ্ঞান সমৃদ্ধ আলোকিত জাতি।


























