চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলার অভিযোগপত্র আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল
- আপডেট সময় : ০৮:৪২:৪৪ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
চট্টগ্রামের বাকলিয়ায় চার বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় আদালতে দাখিল করা অভিযোগপত্র আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। আজ সোমবার চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফছা ঝুমা এই আদেশ দেন। একই সাথে মামলাটিতে আগামীকাল মঙ্গলবার অভিযোগ গঠনের জন্য দিন ধার্য করা হয়েছে।
আদেশ জারির সময় মামলার একমাত্র আসামি মনির হোসেন ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মাহমুদ-উল আলম চৌধুরী মারুফ জানান, গত বৃহস্পতিবার আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছিল। পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী শিশুর চিকিৎসা প্রতিবেদন, ডিএনএ রিপোর্ট, সাক্ষ্য-প্রমাণ এবং আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে অপরাধের সত্যতা নিশ্চিত হওয়া গেছে। গত ২১ মে বাকলিয়ার নুর হোসেন চেয়ারম্যান ঘাটা এলাকার একটি গুদাম কক্ষে এই পৈশাচিক ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে মামলা করার পর পুলিশ দ্রুততম সময়ে তদন্ত শেষ করে অভিযোগপত্র জমা দেয়।
























