চট্টগ্রামের জিইসি থেকে দেওয়ানহাট সড়কে মিছিল-মিটিংয়ে নিষেধাজ্ঞা
- আপডেট সময় : ০৭:৩৭:১৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
জুলাই আন্দোলনের গ্রাফিতি মুছে ফেলা নিয়ে জাতীয় নাগরিক পার্টি- এনসিপি ও ছাত্রদলের মধ্যে উত্তেজনার পর চট্টগ্রামের জিইসি থেকে দেওয়ানহাট সড়কে মিছিল-মিটিংয়ে নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ।
সকাল থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা দেয়া হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলীর জারি করা গণবিজ্ঞপ্তিতে বলা হয়, জিইসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত মূল সড়ক ও আশেপাশের এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তার জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশবলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। চট্টগ্রামের টাইগারপাস এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের কয়েকটি পিলারে সিটি করপোরেশনের পক্ষ থেকে হলুদ ও সাদা রং করা হয়– যেগুলোতে জুলাই আন্দোলনের চিত্রকর্ম ছিল। সিটি করপোরেশনের নির্দেশে সেই চিত্রকর্ম মুছে ফেলা হয়েছে এমন অভিযোগে রবিবার সন্ধ্যার পর বিক্ষোভে নামেন এনসিপির নেতাকর্মীরা। এনসিপির বিক্ষোভ থেকে চট্টগ্রামের মেয়র শাহাদাত হোসেনের বিরুদ্ধে বক্তব্য দেয়ার প্রতিবাদে একই এলাকায় রাতে মিছিল করেন ছাত্রদলের নেতাকর্মীরা। একপর্যায়ে রাতে এনসিপির নেতাকর্মীরা টাইগার পাস এলাকায় এবং ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা লালখান বাজার মোড়ে অবস্থান নেয়। এসময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এদিকে জুলাই অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত কোনো গ্রাফিতি মোছা হয়নি এবং মুছে ফেলার কোনো নির্দেশনা দেননি বলে জানান মেয়র ডা. শাহাদাত হোসেন।

























