খুলনার অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল।
রোববার খুলনার খালিশপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ শেষে সাংবাদিকদের তিনি বলেন, সমন্বিত উদ্যোগ ও সম্মিলিত প্রচেষ্টায় আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতি সম্ভব।
তিনি আরও বলেন, দীর্ঘদিনের ভুলনীতি, লুটপাট ও দলীয়করণের কারণে খুলনার শিল্পকারখানা বন্ধ হয়ে কর্মসংস্থান কমেছে। খুলনাকে আবারও দেশের অন্যতম সমৃদ্ধ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তুলতে কাজ শুরু হয়েছে।
আধুনিক, বিজ্ঞানমনস্ক ও কর্মমুখী শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে হুইপ বলেন, বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষার বিকল্প নেই। এ সময় ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা ও সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে খুলনা-৩ আসনের ২০ জন ছাত্র ও ১০ জন ছাত্রীর হাতে সাইকেল তুলে দেওয়া হয়।