কুষ্টিয়ায় ফিরল সাংবাদিক দেবাশীষ দত্তসহ পরিবারের চার সদস্যের মরদেহ
- আপডেট সময় : ১২:৩৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
ভারতের কলকাতায় নিউ মার্কেট এলাকার একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাংবাদিক দেবাশীষ দত্তসহ পরিবারের চার সদস্যের মরদেহ কুষ্টিয়ায় পৌঁছেছে।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে মরদেহবাহী অ্যাম্বুলেন্স কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়ার বাড়িতে পৌঁছালে স্বজন, সহকর্মী ও প্রতিবেশীদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে।
এর আগে কলকাতার প্রয়োজনীয় আইনি আনুষ্ঠানিকতা শেষে বিকেল সাড়ে ৫টার দিকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে মরদেহগুলো দেশে আনা হয়।
নিহতরা হলেন সাংবাদিক দেবাশীষ দত্ত, তার স্ত্রী আফসানা শারমিন, তিন বছর বয়সী ছেলে স্বর্ণাশীষ দত্ত এবং আফসানার বাবা আকরাম আলী।
পরিবার জানায়, দেবাশীষ ও তার ছেলে স্বর্ণাশীষকে কুষ্টিয়ার মহাশ্মশানে সমাধিস্থ করা হবে। আর আফসানা শারমিন ও আকরাম আলীকে পৌর কবরস্থানে দাফন করা হবে।
গত মঙ্গলবার দিবাগত রাতে কলকাতার নিউ মার্কেটের একটি আবাসিক হোটেলে আগুনে নয়জন নিহত হন। নিহতদের মধ্যে একই পরিবারের এই চারজন ছিলেন।
দেবাশীষ দত্ত আজকের পত্রিকা ও বেসরকারি টেলিভিশন চ্যানেল নাইনের কুষ্টিয়া প্রতিনিধি এবং স্থানীয় দৈনিক আজকের আলোর ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন।




















