কারাগার থেকে মুক্তি পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক
- আপডেট সময় : ০৫:২৫:৪২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
জামিনে কারামুক্ত হয়েছেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। বুধবার (১৯ আগস্ট) বিকেলে ঢাকার কেরাণীগঞ্জের বিশেষ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। বিষয়টি নিশ্চিত করেছেন কারা সদর দপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক মো. জাহাঙ্গীর কবির।
গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন। বিভিন্ন সময়ে তাকে মোট ৯টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
গত ১০ আগস্ট বনানী থানার একটি মামলায় খায়রুল হককে অন্তর্বর্তীকালীন জামিন দেন হাইকোর্ট। এর আগে পৃথক আটটি মামলায়ও তিনি জামিন পান। এরপর বনানী থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা।
সবশেষ গত সোমবার (১৭ আগস্ট) হত্যাচেষ্টা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বনানী থানার মামলায় খায়রুল হকের জামিন বহাল রাখেন আপিল বিভাগ। এর ফলে তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা ছিল না।
তবে জামিনে মুক্তি পেলেও আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগ করতে পারবেন না সাবেক এই প্রধান বিচারপতি। আপিল বিভাগের আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ছাড়া সুনির্দিষ্ট মামলা ছাড়া খায়রুল হককে গ্রেপ্তার বা হয়রানি না করার বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশও বহাল রেখেছেন আপিল বিভাগ।

























