ইনানী সমুদ্রসৈকতে গোসলে নেমে এক পর্যটক নিখোঁজ
- আপডেট সময় : ০৯:০৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
কক্সবাজারের ইনানী সমুদ্রসৈকতে গোসলে নেমে মোহাম্মদ সায়েম নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন। আজ দুপুরে ইনানীর পালংকি পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ সায়েম চট্টগ্রামের হাটহাজারী এলাকার মোহাম্মদ ইকবালের ছেলে। তাকে উদ্ধারে কাজ শুরু করেছে ট্যুরিস্ট পুলিশ, বিচকর্মী ও স্থানীয় জেলেরা।
প্রশাসন জানায়, উখিয়ার ইনানী রয়েল টিউলিপ হোটেলের দক্ষিণ দিকে, পালংকি রেস্তোরাঁ সংলগ্ন সৈকতে কয়েকজন পর্যটক একসঙ্গে গোসলে নামেন। এ সময় হঠাৎ একটি বড় ঢেউ এসে তীব্র স্রোতের টানে সায়েমকে গভীর সাগরে ভাসিয়ে নিয়ে যায়। পরে তাঁর সঙ্গে থাকা অন্য পর্যটকরা তীরে উঠে এসে কর্তব্যরত বিচকর্মী ও ট্যুরিস্ট পুলিশকে বিষয়টি জানান।
খবর পেয়েই সমুদ্রের বিভিন্ন পয়েন্টে উদ্ধার অভিযান শুরু করে স্থানীয় প্রশাসন। একই সঙ্গে বড় পরিসরে অনুসন্ধান চালাতে ফায়ার সার্ভিস ও লাইফগার্ড কর্মীদেরও খবর দেওয়া হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ইনানী সমুদ্রসৈকতে গোসলের নিরাপত্তায় পর্যাপ্ত লাইফগার্ড সেবা না থাকায় প্রায়শই এমন দুর্ঘটনা ঘটছে।





















