অটোরিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু, ৩ আসামির ৫ দিনের রিমান্ড
- আপডেট সময় : ০৫:৪৯:০৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর টানে অটোরিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকা রনজিলা পারভীনের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার তিন আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৩১ আগস্ট) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সিদ্দিক আজাদের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
রিমান্ডে নেওয়া আসামিরা হলেন মো. পনি ওরফে প্যারা পনি ওরফে পনি গাজী (২৮), সেন্টু জুলিয়ান (২৪) এবং মো. রাকিব হোসেন (২৪)।
মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই মো. জাহিদুল হাসান রিয়াল তিন আসামিকে আদালতে হাজির করেন। প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং অজ্ঞাত আসামিদের পরিচয় শনাক্ত করতে তিনি ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
এ ছাড়া ছিনতাইয়ের মূল হোতাদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্যও রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
আসামিদের পক্ষে আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। তবে রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে।
যেভাবে মৃত্যু হয় শিক্ষিকার
মামলার বিবরণ অনুযায়ী, রনজিলা পারভীন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন। গত ২৯ আগস্ট ভোরে তিনি স্বামী মো. আবদুল মতিনের সঙ্গে অটোরিকশায় করে চোখের চিকিৎসকের কাছে যাচ্ছিলেন।
ভোর ৫টা ৫৫ মিনিটের দিকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের জাতীয় সংসদ ভবনের ১২ নম্বর গেটের কাছে মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তার ব্যাগ ধরে টান দেয়।
ছিনতাইকারীদের টানে চলন্ত অটোরিকশা থেকে রাস্তায় পড়ে যান রনজিলা। এতে মাথায় গুরুতর আঘাত পান তিনি।
পরে তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্বামী শেরেবাংলা নগর থানায় মামলা করেন।
তিন আসামি গ্রেপ্তার
মামলার পর রোববার র্যাব-২ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে।
এ সময় তাদের কাছ থেকে ছিনতাই করা স্মার্টফোন, নগদ টাকা এবং অপরাধে ব্যবহৃত একটি ইয়ামাহা আর১৫ মোটরসাইকেল জব্দ করা হয়।























