৯ নভেম্বর অমাবস্যার অন্ধকারে ইরানে হামলার ছক ট্রাম্পের!
- আপডেট সময় : ১২:৫৭:৩০ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
ইরানে নতুন করে সামরিক হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে জাতীয় নিরাপত্তা দলের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৯ নভেম্বর অমাবস্যার রাতে চাঁদের আলো কম থাকার সুযোগ কাজে লাগিয়ে ইরানে হামলা চালানোর বিষয়টি বিবেচনা করছে ওয়াশিংটন। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
শুক্রবার (৬ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ জ্যেষ্ঠ কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ও বৃহস্পতিবার ট্রাম্পের সঙ্গে জাতীয় নিরাপত্তা দলের কর্মকর্তাদের এসব বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ইরানে সম্ভাব্য সামরিক অভিযানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে হামলার সময়, কৌশল এবং সামরিক প্রস্তুতির বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।
অমাবস্যার রাতকে কেন গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র?
আগামী ৯ নভেম্বর মধ্যপ্রাচ্যে অমাবস্যা থাকবে। ফলে ওই রাতে আকাশে চাঁদের আলো তুলনামূলকভাবে কম থাকবে। সামরিক অভিযানের ক্ষেত্রে রাতের অন্ধকারকে কৌশলগত সুবিধা হিসেবে বিবেচনা করা হয়। এ কারণে অমাবস্যার রাতে ইরানে অভিযান চালানোর সম্ভাবনা খতিয়ে দেখছে ট্রাম্প প্রশাসন।
তবে ৯ নভেম্বরই হামলা হবে, এমন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি যুক্তরাষ্ট্র। জাতীয় নিরাপত্তা দলের আলোচনা ও সামরিক প্রস্তুতির ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবেন ট্রাম্প।
এর আগে ইরানে সম্ভাব্য সামরিক অভিযানের বিভিন্ন বিকল্প নিয়ে মার্কিন প্রেসিডেন্টকে ব্রিফ করেন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান ব্র্যাড কুপার। সামরিক বিকল্পগুলো সম্পর্কে বিস্তারিত জানানো হলেও ট্রাম্প এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত দেননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
হামলা হলে পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের
এদিকে যুক্তরাষ্ট্র নতুন করে ইরানে হামলা চালালে কঠোর পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামনিয়া বলেছেন, যুক্তরাষ্ট্র আবার হামলা চালালে ভৌগোলিক সীমার কোনো তোয়াক্কা না করেই দেশটির যেকোনো স্থাপনায় আঘাত হানবে ইরান।
তার এই বক্তব্যে দুই দেশের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার পরিকল্পনা এবং ইরানের পাল্টা আঘাতের হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
ইরানের বিরুদ্ধে যুদ্ধ বিস্তারের ইঙ্গিত ট্রাম্পের
এর আগে স্থানীয় সময় বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ আরও বিস্তৃত করা হবে কি না, সে বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়ার কথা জানান ট্রাম্প।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের তথ্য অনুযায়ী, ইরানের ‘বাকি অংশও ধ্বংস করে দিতে হতে পারে’ বলে হুঁশিয়ারি দেন তিনি। তার এই বক্তব্যকে ইরানের বিরুদ্ধে আরও বড় সামরিক অভিযানের সম্ভাব্য ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
তবে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের বক্তব্যে কিছুটা অসংগতি রয়েছে। একদিকে তিনি সামরিক অভিযান সম্প্রসারণের ইঙ্গিত দিচ্ছেন। অন্যদিকে বড় ধরনের নতুন হামলার তাৎক্ষণিক কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন।
ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আপাতত বড় ধরনের আরেকটি হামলার পরিকল্পনা নেই। তবে প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
তার এই বক্তব্যের পরও ইরানে নতুন হামলার সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। এখন দেখার বিষয়, ট্রাম্প প্রশাসন শেষ পর্যন্ত কূটনৈতিক পথ বেছে নেয়, নাকি সামরিক পদক্ষেপের দিকে এগিয়ে যায়।




















