সালমান খান ভক্তদের জন্য দুঃসংবাদ, আটকে আছে ‘মাতৃভূমি’
- আপডেট সময় : ০২:০৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
সালমান খান অভিনীত বহুল আলোচিত যুদ্ধের সিনেমা ‘মাতৃভূমি’ নিয়ে ফের অনিশ্চয়তা তৈরি হয়েছে। সিনেমাটির সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) ছাড়পত্র পাওয়া নিয়ে নতুন করে আশার খবর ছড়ালেও এখনো কোনো অগ্রগতি হয়নি। ফলে কবে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
সিবিএফসি স্ক্রিনিং নিয়ে অগ্রগতি নেই
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়ায়, ‘মাতৃভূমি’ শিগগিরই সিবিএফসির সামনে প্রদর্শিত হতে পারে। এমনকি আগামী সপ্তাহেই সিনেমাটির স্ক্রিনিং হতে পারে বলেও দাবি করা হয়।
তবে বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে বলা হয়েছে, এখনো সিনেমাটির সিবিএফসি স্ক্রিনিং নিয়ে কোনো অগ্রগতি হয়নি। আগের মতোই আটকে আছে ছবিটির ছাড়পত্র প্রক্রিয়া।
একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমাটির জটিলতার অন্যতম কারণ এর চীন-সংযোগ। সমস্যার সমাধানে নির্মাতারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ করছেন তারা।
২০২৬ সালে মুক্তি নিয়েও অনিশ্চয়তা
বর্তমানে ‘মাতৃভূমি’ মুক্তির কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। কয়েক দিনের মধ্যে জটিলতার সমাধান হতে পারে। আবার বিষয়টি কয়েক সপ্তাহ বা তারও বেশি সময় গড়াতে পারে।
এ কারণে ২০২৬ সালেই সিনেমাটি মুক্তি পাবে কি না, সেটিও নিশ্চিত নয়। এর আগে জুলাইয়ে খবর ছড়িয়েছিল, সিনেমাটির মুক্তি ২০২৭ সাল পর্যন্ত পিছিয়ে যেতে পারে। পরে নির্মাতারা নতুন পোস্টার প্রকাশ করে ২০২৬ সালেই মুক্তির ইঙ্গিত দেন।
তবে এখন সবকিছুই নির্ভর করছে সিবিএফসির ছাড়পত্র পাওয়ার ওপর। সেন্সর-জটিলতা কাটলেই সিনেমাটির মুক্তির পথ খুলবে।
গালওয়ান সংঘাত নিয়ে নির্মিত সিনেমা
প্রথমে ‘ব্যাটল অব গালওয়ান’ নামে সিনেমাটির ঘোষণা দেওয়া হয়েছিল। পরে নাম পরিবর্তন করে রাখা হয় ‘মাতৃভূমি’।
২০২০ সালের ভারত-চীন গালওয়ান সংঘাতকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটিতে সালমান খানকে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে। সিনেমাটি ঘোষণার পর থেকেই ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
এরই মধ্যে সিনেমাটিতে ‘চীন’ শব্দটির উল্লেখ বাদ দেওয়ার সম্ভাবনার খবরও সামনে এসেছে। ফলে একদিকে সিনেমাটি ঘিরে দর্শকদের কৌতূহল বাড়ছে, অন্যদিকে সেন্সর জটিলতার কারণে বাড়ছে অনিশ্চয়তা।


























