সারের কৃত্রিম সংকট তৈরি করছে দুষ্কৃতিকারীরা: কৃষিমন্ত্রী
- আপডেট সময় : ০৪:৪৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
- / ১৫৪০ বার পড়া হয়েছে
দেশে সারের কোনো সংকট নেই। পর্যাপ্ত মজুত থাকার পরও কিছু দুষ্কৃতিকারী কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন কৃষি ও মৎস্যমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। কৃত্রিমভাবে সারের সংকট তৈরির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
শনিবার দুপুরে ফরিদপুর সদর উপজেলা হলরুমে পেঁয়াজ ও পাট চাষিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কৃষিমন্ত্রী।
তিনি বলেন, কৃষকদের চাহিদা অনুযায়ী সময়মতো সার ও কৃষি উপকরণ সরবরাহ নিশ্চিত করতে সরকার কাজ করছে। পর্যাপ্ত সার মজুত রয়েছে। এরপরও কেউ কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কৃষিমন্ত্রী আরও বলেন, ফরিদপুর অঞ্চলের মাটির বৈশিষ্ট্য অত্যন্ত ভালো। ফলে দেশের অন্যান্য অনেক এলাকার তুলনায় এখানে তুলনামূলক কম সার ব্যবহার করেই ভালো ফলন পাওয়া সম্ভব। এ কারণে ফরিদপুরে পেঁয়াজ ও পাটের চাষ ভালো হয়।
তিনি বলেন, আগামী দিনে পেঁয়াজ ও পাটের বীজ উৎপাদনের মাধ্যমে দেশকে আরও স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষকদের প্রয়োজনীয় সহায়তা ও কৃষি উপকরণ নিশ্চিত করা হলে উৎপাদন আরও বাড়বে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলাম।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল, ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ড. মো. ইলিয়াস হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম এবং জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশ।
এ ছাড়া কৃষি বিভাগের বিভিন্ন কর্মকর্তা, বৃহত্তর ফরিদপুরের পেঁয়াজ ও পাট চাষি এবং সরকারি-বেসরকারি পর্যায়ের সংশ্লিষ্ট ব্যক্তিরা সভায় উপস্থিত ছিলেন।


























