সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৭ পরিবার পেল ৯৭ লাখ টাকা
- আপডেট সময় : ০৫:৩৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ২৭ পরিবারের সদস্যদের মধ্যে ৯৭ লাখ টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১২টার দিকে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে চেক তুলে দেন জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক মোহাম্মদ জামির হোসেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল কালাম বাবলা এবং সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুর রউফ।
এ সময় বিআরটিএ সাতক্ষীরা কার্যালয়ের মোটরযান পরিদর্শক মো. ওমর ফারুক, মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট মো. ওবায়দুর রহমান, উচ্চমান সহকারী নাসিরউদ্দিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিআরটিএর ট্রাস্টি বোর্ডের সহায়তায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ জনের পরিবারের সদস্যদের প্রত্যেককে পাঁচ লাখ টাকা করে দেওয়া হয়। এ ছাড়া আহত সাতজনের পরিবারকে এক লাখ টাকা করে এবং আরও পাঁচজনকে তিন লাখ টাকা করে ক্ষতিপূরণের চেক দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ বলেন, দুর্ঘটনাকবলিত পরিবারের পাশে দাঁড়াতেই সরকার ক্ষতিপূরণের ব্যবস্থা করেছে। এই অর্থ যথাযথভাবে ব্যবহার করে অভিভাবক হারানো পরিবারগুলোকে স্বাবলম্বী করার চেষ্টা করতে হবে।
তিনি আরও বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে চালক ও পথচারী উভয়কেই সচেতন হতে হবে। পাশাপাশি সড়কে চলাচলের সময় সবাইকে আইন ও ট্রাফিক বিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

























