সাচিং প্রু জেরী প্রতিমন্ত্রী হওয়ায় বান্দরবানে আনন্দ
- আপডেট সময় : ১২:৫০:২৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
বিএনপির নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভা সম্প্রসারণে বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হয়।
বোমাং সার্কেলের রাজপরিবারের সন্তান সাচিং প্রু জেরী দীর্ঘদিন ধরে বান্দরবানের রাজনীতিতে সক্রিয়। তিনি অং শৈ প্রু চৌধুরীর ছেলে এবং বোমাং রাজপরিবারের রাজপুত্র হিসেবে পরিচিত। ছাত্রজীবন থেকেই রাজনীতিতে যুক্ত হয়ে তিনি বান্দরবান সদর উপজেলা পরিষদ ও স্থানীয় সরকার পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
১৯৯২ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি বান্দরবান জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালে বিএনপির প্রার্থী হিসেবে বান্দরবান আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে বান্দরবান সদর উপজেলা ও পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য।
দীর্ঘ বিরতির পর ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান-৩০০ আসন থেকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় বান্দরবানসহ তিন পার্বত্য জেলায় আনন্দ ও প্রত্যাশা তৈরি হয়েছে।
স্থানীয়দের আশা, নতুন দায়িত্বে দুর্গম পাহাড়ি এলাকায় পানি, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি ও কর্মসংস্থানের উন্নয়নের পাশাপাশি পাহাড়ের বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে শান্তি ও সম্প্রীতি জোরদারে কার্যকর ভূমিকা রাখবেন সাচিং প্রু জেরী।




















