সংসদ ভবনের সামনে শিক্ষিকা নিহত, গ্রেফতার ২ ছিনতাইকারী
- আপডেট সময় : ০১:০৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৩০ বার পড়া হয়েছে
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকা রনজিলা পারভীনের (৫৫) মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল, নিহত শিক্ষিকার মোবাইল ফোন ও ভ্যানিটি ব্যাগ উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার দুজন হলেন মোটরসাইকেলচালক রাজীব ও ব্যাগ ধরে টান দেওয়া খোকন।
দুই ছিনতাইকারী গ্রেফতার
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম। তিনি জানান, শিক্ষিকা রনজিলা পারভীনের মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।
ডিবির একটি সূত্র জানায়, রাজধানী ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে প্রথমে খোকনকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতার করা হয় রাজীবকে।
পুলিশের তথ্য অনুযায়ী, ছিনতাইয়ের সময় রাজীব মোটরসাইকেল চালাচ্ছিলেন। আর খোকন রনজিলা পারভীনের ভ্যানিটি ব্যাগ ধরে টান দেন। এতে রিকশা থেকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন ওই শিক্ষিকা।
উদ্ধার করা হয়েছে মোটরসাইকেল ও মোবাইল
পরে অভিযান চালিয়ে ছিনতাইয়ে ব্যবহৃত সুজুকি জিক্সার এসএফ মোটরসাইকেল উদ্ধার করা হয়। একই সঙ্গে রনজিলা পারভীনের ভ্যানিটি ব্যাগ ও মোবাইল ফোনও উদ্ধার করেছে ডিবি।
এর আগে, রনজিলা পারভীনের মৃত্যুর ঘটনায় র্যাব-২ একটি সাদা রঙের আর-১৫ মোটরসাইকেলসহ দুজনকে গ্রেফতারের দাবি করেছিল। তবে সিসিটিভি ফুটেজে ঘটনার সময় ওই রঙের মোটরসাইকেল দেখা যায়নি। ফলে র্যাবের ওই গ্রেফতার নিয়ে প্রশ্ন ওঠে। গ্রেফতার ব্যক্তিরাও ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করেছিলেন।
যেভাবে প্রাণ হারান শিক্ষিকা
গত ২৯ আগস্ট সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে এ ঘটনা ঘটে।
বগুড়া থেকে ঢাকায় এসে ফার্মগেট এলাকার ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন রনজিলা পারভীন। এ সময় তিনি রিকশায় ছিলেন।
পুলিশ জানায়, একটি মোটরসাইকেলে থাকা দুই ছিনতাইকারী পেছন থেকে তার ব্যাগ ধরে টান দেন। এতে রিকশা থেকে ছিটকে রাস্তায় পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি।
পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক রনজিলা পারভীনকে মৃত ঘোষণা করেন।




















