শুধু জিপিএ-৫ নয়, আদর্শ মানুষ গড়াই শিক্ষার মূল লক্ষ্য: ড. সায়মা
- আপডেট সময় : ১২:৪৩:১৯ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
- / ১৫৮০ বার পড়া হয়েছে
শুধু জিপিএ-৫ বা ভালো ফল নয়, আদর্শ ও নৈতিকতাসম্পন্ন মানুষ হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলাই শিক্ষার মূল উদ্দেশ্য বলে মন্তব্য করেছেন পিএসসি সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস।
শনিবার (২২ আগস্ট) সকালে কুমিল্লা শিক্ষা বোর্ড মিলনায়তনে ‘এসএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার বৃদ্ধি ও শিক্ষার গুণগত মানোন্নয়ন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. সায়মা বলেন, এসএসসিতে একজন শিক্ষার্থী ফেল করলে তার দায় শুধু শিক্ষার্থীর নয়; শিক্ষক, অভিভাবকসহ পুরো শিক্ষা ব্যবস্থার দায় রয়েছে। শিক্ষার্থীদের দুর্বলতা প্রাথমিক পর্যায় থেকেই চিহ্নিত করে সমাধান করতে হবে এবং শিক্ষার ভিত্তি শক্ত করতে হবে।
তিনি আরও বলেন, মাদক ও কিশোর গ্যাংসহ সামাজিক সমস্যা মোকাবিলায় শিক্ষক-অভিভাবক উভয়ের সচেতনতা জরুরি। শিক্ষার্থীদের দুর্বল ফলাফলের ক্ষেত্রে শুধু অতিরিক্ত ক্লাস নয়, কেন তারা বিষয়টি বুঝতে পারেনি তা চিহ্নিত করে ভিন্ন পদ্ধতিতে পাঠদান করতে হবে।
ইংরেজি ও গণিতে অকৃতকার্যের হার বেশি হওয়ায় এসব বিষয়ে শিক্ষার্থীদের মৌলিক দুর্বলতা চিহ্নিত করে আগামী এক বছরের পরিকল্পনা নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আহসান পারভেজের সভাপতিত্বে সেমিনারে বোর্ডের সচিব অধ্যাপক জাহাঙ্গীর আলমসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে তিনি গুলবাগিচা প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন নিয়ে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় করেন।




















