শিশু আলিনা হত্যার ঘটনায় আবীর আলীর ফাঁসির আদেশ
- আপডেট সময় : ০৭:৪১:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
- / ১৫৪১ বার পড়া হয়েছে
চট্টগ্রামে চার বছর আগে পাঁচ বছরের শিশু আলিনা ইসলাম আয়াতকে নৃশংসভাবে হত্যার পর লাশ টুকরো করে সাগরে ভাসিয়ে দেয়ার ঘটনায় প্রতিবেশী আবীর আলীকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এদিকে, বাকলিয়ায় সাড়ে তিন বছরের এক শিশুকে নির্যাতনের দায়ে আসামি মনিরকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বুধবার চট্টগ্রামের আদালতে দুটি রায়েরই ঘোষণা আসে। প্রথম মামলায় পাঁচ বছরের শিশু আলিনা ইসলাম আয়াত খুনের দায়ে প্রতিবেশী আবীর আলীকে মৃত্যুদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা জরিমানা করেন বিচারক। ২০২২ সালের নভেম্বরে ইপিজেড এলাকায় ঘটেছিল এই রোমহর্ষক হত্যাকাণ্ড। অন্যদিকে, বাকলিয়ায় শিশু নির্যাতনের ঘটনায় আসামি মনির হোসেনকে যাবজ্জীবনের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত ২১ মে বালুর মাঠ এলাকার একটি গুদামে ঘটে যাওয়া এই ঘটনার মাত্র ২৫ দিনের মাথায় দ্রুততম সময়ে রায় ঘোষণা করে দৃষ্টান্ত স্থাপন করলেন ট্রাইব্যুনাল।






















