শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার: এমপি শহিদুল
- আপডেট সময় : ০৪:৫৭:০৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
বর্তমান সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে বলে মন্তব্য করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল।
শনিবার (২২ আগস্ট) বেলা ১১টায় ফরিদপুর সদর উপজেলা হলরুমে বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশন ফরিদপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শহিদুল ইসলাম খান বাবুল বলেন, ‘বিগত সরকার শিক্ষাক্ষেত্রকে ধ্বংস করে দিয়েছিল। সেখান থেকে মাত্র ছয় মাসে বর্তমান সরকার যুগান্তকারী কিছু পদক্ষেপ নিয়ে ধ্বংসস্তূপ থেকে শিক্ষা ব্যবস্থাকে তুলে এনেছে। এর মূল পরিকল্পনাকারী প্রধানমন্ত্রী তারেক রহমান। আর সেই পরিকল্পনা বাস্তবায়ন করছেন শিক্ষক-কর্মচারীরা।’
আগামী দিনে সরকারের শিক্ষা খাতের পরিকল্পনা বাস্তবায়নে শিক্ষক-শিক্ষিকারা নিরলসভাবে কাজ করবেন বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
সম্মেলনে বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশন ফরিদপুর জেলা শাখার সভাপতি মো. জহুরুল ইসলাম পলাশের সভাপতিত্বে বক্তব্য দেন শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী জাতীয় ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক ও শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডের সদস্য আলহাজ্ব মো. আজিজুল হক, ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্ট বোর্ডের সদস্য মো. কামরুজ্জামান মিজানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
এ ছাড়া কারিগরি শিক্ষক-কর্মচারী ঐক্যজোট কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মো. লোকমান হোসেন, শিক্ষক-কর্মচারী ঐক্যজোট ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ নজরুল ইসলাম এবং কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক প্রভাষক হাওলাদার আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।
সম্মেলনে ফরিদপুর জেলার বিভিন্ন বেসরকারি উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা অংশ নেন।
এ সময় নেতারা বেসরকারি উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের সরকারি করার দাবি জানান। এ বিষয়ে সরকারের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।





















