শাপলা চত্বর থেকে লালদীঘি পর্যন্ত জামায়াতের লং মার্চ
- আপডেট সময় : ০২:১৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
- / ১৫৫০ বার পড়া হয়েছে
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, আগামী ৫ সেপ্টেম্বর (শনিবার) রাজধানীর শাপলা চত্বর থেকে চট্টগ্রামের লালদীঘি ময়দান পর্যন্ত লং মার্চ করবে দলটি। কর্মসূচির পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে ছয় থেকে সাতটি পথসভা করার পরিকল্পনা রয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
মিয়া গোলাম পরওয়ার বলেন, সকাল ৭টায় শাপলা চত্বর থেকে লং মার্চ শুরু হবে। এরপর বিভিন্ন পথ অতিক্রম করে চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে কর্মসূচি শেষ হবে। রাত ১০টা থেকে ১১টার মধ্যে লং মার্চ শেষ করার লক্ষ্য রয়েছে।
তিনি জানান, কর্মসূচি সফল করতে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কুমিল্লা, ফেনী ও চট্টগ্রামের নয়টি জেলা ও মহানগর শাখার নেতাদের নিয়ে প্রস্তুতি চলছে। এতে জামায়াতের স্থানীয় নেতৃত্বের পাশাপাশি ছাত্রশিবির ও শ্রমিক সংগঠনের নেতারাও যুক্ত রয়েছেন।
জামায়াতের এই নেতা বলেন, লং মার্চে এক হাজারের বেশি যানবাহন অংশ নিতে পারে। পথে পথে আরও যানবাহন ও সাধারণ মানুষ যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
কর্মসূচির শৃঙ্খলা, চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে অভ্যর্থনা, পরিবহন, প্রচার, আইটি, স্বেচ্ছাসেবক, সাংস্কৃতিক, নিরাপত্তা ও প্রশাসনিক যোগাযোগসহ বিভিন্ন বিভাগ গঠন করা হয়েছে বলেও জানান তিনি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, লং মার্চ শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে অনুষ্ঠিত হবে। এটি গণতান্ত্রিক আন্দোলনের অংশ, এতে কোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড থাকবে না।
তবে বড় গাড়িবহরের কারণে কিছু এলাকায় সাময়িক যানজট ও জনভোগান্তি হতে পারে উল্লেখ করে তিনি দুঃখ প্রকাশ করেন। সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একটি লেন দিয়ে লং মার্চ পরিচালনা করে অন্য লেন যান চলাচলের জন্য খোলা রাখার চেষ্টা করা হবে বলেও জানান তিনি।
তিনি আরও জানান, ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-রংপুর, ঢাকা-খুলনা ও ঢাকা-সিলেট রুটের কর্মসূচির বিষয়ে পুলিশকে অবহিত করা হয়েছে। সিলেট রুটে ট্রেনেও কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ১১ দলের ঐক্যের অন্যতম বড় রাজনৈতিক কর্মসূচি হিসেবে এই লং মার্চ আয়োজন করা হচ্ছে।























