লালমনিরহাটে তিস্তার পানি কমলেও কাটেনি দুর্ভোগ
- আপডেট সময় : ০৮:১৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
- / ১৫৪২ বার পড়া হয়েছে
লালমনিরহাটে তিস্তার পানি কমলেও কাটেনি দুর্ভোগ । জলাবদ্ধতায় বাদাম ক্ষেত ও আমনের বীজতলা ক্ষতির মুখে পড়েছে। ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ চলছে, চূড়ান্ত হিসাব শেষে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
উজানের ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে বিস্তৃর্ণ এলাকায় প্লাবিত হয় লালমনিরহাটে। কিন্তু স্থানীয়ভাবে বৃষ্টিপাত কমে গেলে তিস্তার পানি কমতে থাকে, আর এরই সঙ্গে দৃশ্যমান হতে থাকে ক্ষয়ক্ষতির পরিমাণ।
বর্তমানে পানি কমতে শুরু করলেও অনেক এলাকায় এখনো জলাবদ্ধতা রয়ে গেছে। ফলে কৃষক, খামারি ও সাধারণ মানুষের দুর্ভোগ অব্যাহত রয়েছে। দীর্ঘসময় পানির নিচে থাকায় চলতি মৌসুমের আমন ধানের বীজতলা, চিনাবাদাম, শাকসবজি ও অন্যান্য ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।
কয়েকদিন ধরে পানির নিচে থাকায় বাদামের ক্ষেতের গাছ ও ফলন ক্ষতির মুখে পড়েছে। দীর্ঘসময় পানিতে তলিয়ে থাকার কারণে চরাঞ্চলের অনেক ঘাস পচে যাওয়ায় গবাদি পশুর খাদ্য সংকট দেখা দিয়েছে।
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, লালমনিরহাট জেলার তিস্তার ১৪ হাজার হেক্টর চরাঞ্চলের মধ্যে প্রায় ১১ হাজার হেক্টর জমিতে চাষাবাদ হয়। অধিকাংশ ফসল ঘরে তোলা হলেও কিছু ফসল এখনো সংগ্রহ করা সম্ভব হয়নি। মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ শেষে ক্ষয়ক্ষতির চূড়ান্ত হিসাব নির্ধারণ করা হবে বলে জানিয়েছে জেলার এ কৃষি কর্মকর্তা।
এদিকে ক্ষতিগ্রস্ত কৃষক ও খামারিরা দ্রুত ক্ষয়ক্ষতির সঠিক মূল্যায়ন, পুনর্বাসন এবং প্রয়োজনীয় সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।

























