রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল, নিরাপত্তা জোরদার
- আপডেট সময় : ১০:২৮:১২ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁওয়ে সফরে গেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুই দিনের সফরে তিনি ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
হেলিকপ্টারে ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি
সফরসূচি অনুযায়ী, রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় হেলিকপ্টারযোগে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওনা হন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেলা ১১টা ৪০ মিনিটে ঠাকুরগাঁওয়ের মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে তার হেলিকপ্টার অবতরণ করে।
পরে সেখান থেকে তিনি জেলা সার্কিট হাউসে যাবেন। সেখানে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেওয়ার কথা রয়েছে।
বাবা-মায়ের কবর জিয়ারত
সার্কিট হাউসের আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতি শহরের সেনুয়া পাড়ার পারিবারিক কবরস্থানে যাবেন। সেখানে তিনি তার বাবা ও সাবেক মন্ত্রী মরহুম মির্জা রুহুল আমীন (চোখামিয়া) এবং মা ফাতেমা বেগমের কবর জিয়ারত করবেন।
এরপর শহরের কালীবাড়িতে নিজের বাসভবনে যাবেন রাষ্ট্রপতি। সেখানে দুপুরের খাবার গ্রহণ ও বিশ্রাম শেষে বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন তিনি।
নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন
নাগরিক কমিটির আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠানে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশ নেওয়ার প্রস্তুতি চলছে।
সংবর্ধনা শেষে রাষ্ট্রপতি নিজ বাসভবনে ফিরে যাবেন। সেখানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়-স্বজন ও স্থানীয়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। এরপর নিজ বাসভবনেই রাতযাপন করার কথা রয়েছে তার।
দ্বিতীয় দিনে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর
রাষ্ট্রপতির সফরের দ্বিতীয় দিনে ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে সদর উপজেলার জামালপুর এলাকায় প্রস্তাবিত ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের’ ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মির্জা ফখরুল।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি নিজ বাসভবনে ফিরে দুপুরের খাবার গ্রহণ ও বিশ্রাম করবেন। পরে সার্কিট হাউসে যাবেন। সেখান থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে ঠাকুরগাঁও ছাড়ার কথা রয়েছে রাষ্ট্রপতির।
সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা
রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে বরণ করে নিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল হক বলেন, রাষ্ট্রপতির দুই দিনের সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। সফরের প্রতিটি কর্মসূচি সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট দপ্তর, সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।
গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার
ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার (এসপি) মো. বেলাল হোসেন জানান, রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে জেলায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, রাষ্ট্রপতির সফরের প্রতিটি কর্মসূচি, যাতায়াতের পথ ও গুরুত্বপূর্ণ স্থানগুলো নিরাপত্তার আওতায় আনা হয়েছে। এসব এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রয়োজনীয় সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
রাষ্ট্রপতির নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের চলাচল ও জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। এ জন্য সংশ্লিষ্ট সব বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।























