রাঙ্গামাটি ছাত্রদলের নতুন কমিটিকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থান
- আপডেট সময় : ০৫:৪৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
- / ১৫৪০ বার পড়া হয়েছে
রাঙ্গামাটি জেলা ছাত্রদলের নতুন কমিটিকে কেন্দ্র করে দ্বিতীয় দিনের মতো মুখোমুখি অবস্থানে দুই পক্ষ। দুপুরে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় শহরের কাঠালতলী এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।এই ঘটনায় তিনজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে পৌরসভা চত্ত্বর থেকে বনরুপা বাজার পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন ।
দুপুরে নবঘোষিত ছাত্রদলের কমিটিতে পদবঞ্চিতরা কমিটি বাতিলের দাবিতে দ্বিতীয় দিনের মতো জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। একই সময় নতুন কমিটির সমর্থকরা একটি আনন্দ মিছিল বের করার প্রস্তুতি নেয়। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা যায়। বিকেল ৩টায় নতুন কমিটির সমর্থকরা বিক্ষোভকারীদের ধাওয়া দিয়ে দলীয় কার্যালয় দখলে নেয়। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়লে বনরুপা এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সেনাবাহিনী এসে দু’পক্ষকে ধাওয়া করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পুলিশ জানায়, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং পুরো এলাকা আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

























