যশোরের নওয়াপাড়ায় এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
- আপডেট সময় : ০৫:৫৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
- / ১৭৩৪ বার পড়া হয়েছে
যশোরে দোকান ঘর ভাড়া দিতে রাজি না হওয়ায় আনিছুর রহমান নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল রাতে অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় নিজ বাড়ির সামনে হামলার শিকার হন তিনি। পরে ঢাকা নেয়ার পথে রাত আড়াইটার দিকে মৃত্যু হয় তাঁর।
নিহত আনিছুর রহমান নওয়াপাড়ার আমদানিকারক প্রতিষ্ঠান ‘জয়েন্ট ট্রেডিং’-এর মালিক। স্থানীয়রা জানান, আনিছুর রহমানের মালিকানাধীন ‘আনিস প্লাজা’ মার্কেটে একটি ঘর ভাড়া নিতে চেয়েছিলেন অভিযুক্ত শাহ মাহামুদ। কিন্তু আনিছুর তাতে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে বুধবার সন্ধ্যায় তাঁর ওপর হামলা চালায় মাহামুদ। এলোপাতাড়ি কুপিয়ে জখম করার পর রক্তাক্ত অবস্থায় তাঁকে প্রথমে খুলনা ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে তিনি প্রাণ হারান। ঘটনার পর থেকেই অভিযুক্ত শাহ মাহামুদ পলাতক রয়েছেন। এই হত্যাকাণ্ডের প্রতিবাদ ও বিচার দাবিতে আজ নওয়াপাড়া নৌবন্দরের সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ব্যবসায়ী সমিতি।
অভয়নগর থানা পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে এবং আসামিকে গ্রেফতারে সর্বোচ্চ তৎপরতা চলছে।


























