বৃহস্পতিবার ফের জেনেভায় বৈঠকে বসবে যুক্তরাষ্ট্র ও ইরান
- আপডেট সময় : ০৪:৪৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরবর্তী দফার আলোচনা আগামী বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হবে। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি বিষয়টি নিশ্চিত করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স দেয়া এক বার্তায় ওমানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা জেনেভায় অনুষ্ঠিত হবে এবং চুক্তি চূড়ান্ত করতে এবার ‘ইতিবাচক অগ্রগতি’ আশা করা হচ্ছে। এমন সময়ে এ আলোচনার ঘোষণা এল, যখন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বৃদ্ধি করছে এবং ইরানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা বাড়ছে। ওমানের ঘোষণার কয়েক ঘণ্টা আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, তেহরান তাদের পারমাণবিক কর্মসূচির শান্তিপূর্ণ চরিত্র নিশ্চিত করতে পূর্ণাঙ্গ নজরদারি ব্যবস্থায় যেতে প্রস্তুত। এতে উত্তেজনা কমবে বলেও তিনি আশাবাদ প্রকাশ করেন।মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজকে দেয়া সাক্ষাৎকারে আরাঘচি বলেন, নিজ দেশে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাওয়াটা ইরানের জন্য ‘মর্যাদা ও গর্বের’ বিষয়।ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির সদস্য হিসেবে ইরান সংস্থাটির সঙ্গে পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত। একই সঙ্গে শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহার ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার তাদের রয়েছে।




















