‘বাবা’—ভালোবাসা আর ভরসার আরেক নাম, আজ বিশ্ব বাবা দিবস
- আপডেট সময় : ০৩:৫১:৪৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
আজ বিশ্ব বাবা দিবস। পৃথিবীর ছোট ও মধুর শব্দগুলোর মধ্যে বাবা ডাকটি অন্যতম। এ শব্দটির সঙ্গেই যেন জড়িয়ে আছে ভালোবাসা, নির্ভরতা আর ভরসার ছায়া। তাই বাবার প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছর জুন মাসের তৃতীয় রোববার বিশ্বব্যাপী উদ্যাপন করা হয় বিশ্ব বাবা দিবস। এ হিসেবে এবারের দিবসটি উদ্যাপন করা হচ্ছে আজ। বাবা দিবসের ধারণাটি পশ্চিমা বিশ্বের হলেও দিবসটি এখন বাংলাদেশসহ প্রায় সব দেশেই উদ্যাপন করা হয়।
ধারণা করা হয়, বিংশ শতাব্দীর প্রথমদিকে বাবা দিবস উদ্যাপন শুরু হয়। মায়েদের পাশাপাশি বাবারাও তাদের সন্তানের প্রতি দায়িত্বশীল- এটা বোঝানোর জন্যই এ দিবস উদ্যাপনের উদ্যোগ গ্রহণ করা হয়। ইতিহাস থেকে জানা যায়, ১৯০৮ সালের ৫ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জেনিয়ার ফেয়ারমন্ট এলাকার এক গির্জায় ‘বাবা দিবস’ প্রথম উদ্যাপিত হয়। অন্যদিকে ১৯০৯ সালে ভার্জিনিয়া বাবা দিবস উদ্যাপন করা হয়। এরপর ওয়াশিংটনের সনোরা স্মার্ট ডড নামের এক নারীর উদ্যোগে ১৯১০ সালের ১৯ জুন বাবা দিবস উদ্যাপন করা হয়।
মা-এর পাশাপাশি বাবাও যে সন্তানের জন্য সমান গুরুত্বপূর্ণ, এ ধারণা ধীরে ধীরে মানুষের মধ্যে দানা বাঁধতে শুরু করে। এরই পরিপ্রেক্ষিতে ১৯১৩ সালে আমেরিকান সংসদে বাবা দিবসকে ছুটির দিন ঘোষণা করার জন্য একটি বিল উত্থাপন করা হয়। ১৯২৪ সালে তৎকালীন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ক্যালভিন কুলিজ বিলটিতে পূর্ণ সমর্থন দেন। অবশেষে ১৯৬৬ সালে প্রেসিডেন্ট লিন্ডন বি. জনসন বাবা দিবসকে ছুটির দিন ঘোষণা করেন।
























