বগুড়ায় স্কুলবাস খাদে, নিহত শিক্ষার্থী
- আপডেট সময় : ০১:৪৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
- / ১৫৪২ বার পড়া হয়েছে
বগুড়ায় সিএনজি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিট মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীবাহী বাস খাদে পড়ে কানিজ ফাতেমা সোহা (১৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাসের হেলপারসহ আরও সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে বগুড়া সদরের মাটিডালী-পীরগাছা সড়কের পল্লীমঙ্গল ইটভাটার কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কানিজ ফাতেমা সোহা বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তিনি বগুড়া সদরের খামারকান্দি পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, বিকেলে শিক্ষার্থীদের নিয়ে স্কুলবাসটি যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান। পরে বাসটি সড়কের পাশে থাকা খাদে পড়ে যায়। এতে বাসে থাকা শিক্ষার্থী ও অন্যরা হতাহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের হাসপাতালে পাঠান। পরে চিকিৎসক কানিজ ফাতেমা সোহাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
























