ফ্রান্স দলে জিদানের চার চমক
- আপডেট সময় : ০৩:৪৪:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৪২ বার পড়া হয়েছে
ফ্রান্স জাতীয় দলের কোচ হিসেবে জিনেদিন জিদানের প্রথম স্কোয়াড ঘোষণা হতে আর মাত্র এক সপ্তাহ বাকি। এরই মধ্যে সম্ভাব্য দলে কয়েকটি চমকপ্রদ নাম উঠে এসেছে। চার ফুটবলার প্রথমবারের মতো ফ্রান্সের সিনিয়র দলে ডাক পাওয়ার অপেক্ষায় রয়েছেন।
জিদানের অধীনে ফ্রান্সের সামনে রয়েছে উয়েফা নেশনস লিগের চারটি ম্যাচ। ২৫ সেপ্টেম্বর তুরস্ক, ২৯ সেপ্টেম্বর বেলজিয়াম, ২ অক্টোবর ইতালি এবং ৫ অক্টোবর আবারও বেলজিয়ামের বিপক্ষে খেলবে ফরাসিরা।
লেপলের দুর্দান্ত পারফরম্যান্স
সাবেক কোচ দিদিয়ের দেশমের রেখে যাওয়া কাঠামো পুরোপুরি বদলে ফেলবেন না জিদান। তবে নতুন কয়েকজনকে দলে নেওয়ার পরিকল্পনা তার ভিন্ন ভাবনার ইঙ্গিত দিচ্ছে।
সম্ভাব্য নতুন মুখদের মধ্যে রয়েছেন রেনের ফরোয়ার্ড এস্তেবান লেপল। গত মৌসুমে ফরাসি লিগে সর্বোচ্চ গোলদাতা ছিলেন ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড। তিনি ২১ গোল করেছিলেন।
চলতি মৌসুমেও দুর্দান্ত ছন্দে রয়েছেন লেপল। তিন ম্যাচে করেছেন তিন গোল। ইউরোপীয় ফুটবলে তার অভিজ্ঞতা কম হলেও ফরাসি লিগে ধারাবাহিক পারফরম্যান্স জিদানের নজর কেড়েছে।
পাগিসেরও অভিষেকের সম্ভাবনা
প্রথমবারের মতো প্রাথমিক দলে ডাক পাওয়ার সম্ভাবনা রয়েছে পাবলো পাগিসেরও। ২৩ বছর বয়সী এই বাঁ প্রান্তের খেলোয়াড় গত মৌসুমে লোরিয়াঁর হয়ে ১০ গোলের পাশাপাশি পাঁচটি অ্যাসিস্ট করেছিলেন।
গ্রীষ্মের দলবদলে প্যারিস এফসিতে যোগ দেন পাগিস। নতুন ক্লাবেও দ্রুত গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছেন তিনি। সর্বশেষ অলিম্পিক মার্সেইয়ের বিপক্ষে প্যারিস এফসির ৩-২ গোলের জয়ে অ্যাসিস্ট করেছিলেন পাগিস।
গ্যানিওকে নিয়ে জিদানের ভাবনা
লঁসের ২১ বছর বয়সী ডিফেন্ডার ইসমাইলো গ্যানিও রয়েছেন সম্ভাব্য নতুন মুখের তালিকায়। এক বছরেরও কম সময়ে ফরাসি লিগে নিজেকে নির্ভরযোগ্য ডিফেন্ডার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি।
গ্যানিও এর আগে বুরকিনা ফাসোর হয়ে একটি ম্যাচ খেলেছেন। তবে সম্প্রতি জাতীয় দল পরিবর্তন করে ফ্রান্সের যুব দলে খেলার সিদ্ধান্ত নিয়েছেন।
ফ্রান্সের রক্ষণভাগে প্রতিযোগিতা অবশ্য কঠিন। তারপরও চ্যাম্পিয়নস লিগে নিজেকে প্রমাণ করতে পারলে দ্রুতই সিনিয়র দলে জায়গা করে নেওয়ার সুযোগ রয়েছে গ্যানিওর।
শেষ চমক অ্যান্ডি দিয়ুফ
সম্ভাব্য নতুন মুখের তালিকার আরেক নাম অ্যান্ডি দিয়ুফ। ইন্টার মিলানের হয়ে মৌসুমের শুরু থেকেই নজরকাড়া পারফরম্যান্স করছেন এই ডান প্রান্তের খেলোয়াড়।
দিয়ুফও প্রথমবারের মতো ফ্রান্সের সিনিয়র দলের প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়ার অপেক্ষায় রয়েছেন। ফলে জিদানের প্রথম দল ঘোষণায় লেপল, পাগিস, গ্যানিও ও দিয়ুফকে দেখা গেলে সেটি বড় চমক হবে।
জিদানের প্রথম স্কোয়াড তাই শুধু নতুন কোচের যাত্রাই নয়, ফ্রান্সের ভবিষ্যৎ দল নিয়েও গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারে।
























