ফেনীতে পৃথক ঘটনায় কিশোরী ও দুই যুবকের লাশ উদ্ধার
- আপডেট সময় : ০৪:৪২:২৭ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
- / ১৫৫১ বার পড়া হয়েছে
ফেনীতে পৃথক ঘটনায় রোববার দুপুরে পুকুর থেকে নিজাম উদ্দিন (৪৫), আবেদ আলী (৪৫) ও ফাহিমা আক্তার (১৫) নামে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিজাম উদ্দিন সোনাগাজী পৌরসভার ৫নং ওয়ার্ডের তুলাতলী গ্রামের আহসান উল্যাহর ছেলে। ফাহিমা আক্তার সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের চরসাহাভিকারী গ্রামের দুলাল হোসেনের কন্যা। আবেদ আলী রংপুর জেলার বাসিন্দা। তিনি ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের খামারের কর্মচারী ছিলেন। পুলিশ, নিহতদের পরিবার ও এলাকাবাসী জানায়, নিজাম উদ্দিন সকাল নয়টার দিকে তার বাড়ির পাশে পানি উন্নয়ন বোর্ডের মালিকানাধীন পুকুর পাড়ে লাকড়ি কুড়াতে যান। এসময় হঠাৎ খিঁচুনি (মৃগি) রোগে আক্রান্ত হয়ে পুকুরে পড়ে যায়। দুপুর সাড়ে ১২টার দিকে তার ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। অপর দিকে পারিবারিক কলহের জেরে ফাহিমা আক্তার ওড়না দিয়ে বসতঘরের বুতের (আড়ার) সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে বিকাল তিনটার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। আবেদ আলী সকাল সাড়ে দশটার দিকে কাজী আবদুল্লাহর মালিকীয় খামারে কাজ করার সময় অসাবধানতার বশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেন।
সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ আবুল হাসিম ও ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

























