লন্ডনে হামলার জন্য কার্যক্রম নিষিদ্ধ আ. লীগকে দায়ী করলেন নাহিদ
- আপডেট সময় : ১২:২৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- / ১৫২২ বার পড়া হয়েছে
যুক্তরাজ্যের লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান শেষে দলটির নেতাকর্মী ও অংশগ্রহণকারীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নাহিদ ইসলাম। একই সঙ্গে হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (১৬ নভেম্বর) স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে পূর্ব লন্ডনের রমফোর্ড এলাকার মেফেয়ার ভেন্যুর প্রধান ফটকে এ হামলার ঘটনা ঘটে।
সংবর্ধনা শেষে প্রধান ফটকে হামলা
জানা গেছে, যুক্তরাজ্য সফরের অংশ হিসেবে সোমবার সন্ধ্যায় ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে মেফেয়ার ভেন্যুতে নাহিদ ইসলামকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ এবং ১১ দলীয় ঐক্যের নেতারা অংশ নেন।
অনুষ্ঠানকে কেন্দ্র করে ভেন্যুর বাইরে জড়ো হন যুক্তরাজ্যে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকেরা। রাত সাড়ে ১০টার দিকে অনুষ্ঠান শেষে প্রধান ফটক দিয়ে বের হওয়ার সময় এনসিপির নেতাকর্মী ও অনুষ্ঠানে অংশ নেওয়া ব্যক্তিদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পাওয়া তথ্য অনুযায়ী, হামলাকারীদের হাতে লাঠিসোঁটা ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কয়েকজনকে লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে দেখা গেছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন নাহিদ ইসলাম।
ফেসবুক পোস্টে হামলার নিন্দা
হামলার ঘটনার পর নিজের ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম বলেন, সংবর্ধনা অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক উপস্থিতিতে তাঁরা কৃতজ্ঞ ও অভিভূত। অনুষ্ঠানে অংশ নেওয়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দ এবং ১১ দলীয় ঐক্যের নেতাদের প্রতিও তিনি ধন্যবাদ জানান।
হামলার নিন্দা জানিয়ে তিনি অভিযোগ করেন, অনুষ্ঠান শেষে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পলাতক ও উগ্র কর্মীরা সাধারণ প্রবাসী বাংলাদেশি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে।
তিনি এ ঘটনাকে কাপুরুষোচিত উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেন।
আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণের আহ্বান
নাহিদ ইসলাম তাঁর পোস্টে আরও উল্লেখ করেন, সংবর্ধনা অনুষ্ঠানে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। তাঁরা হামলা ও সহিংসতার ঘটনা প্রত্যক্ষ করেছেন বলে দাবি করেন তিনি।
এ ঘটনার বিষয়ে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করে নাহিদ ইসলাম বলেন, প্রত্যক্ষদর্শীদের অভিজ্ঞতা ও সংগৃহীত তথ্যের ভিত্তিতে ঘটনাটি আন্তর্জাতিক পর্যায়ে আলোচিত হবে বলে তাঁরা আশা করেন।
যুক্তরাজ্য সরকারের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি
বিদেশের মাটিতে রাজনৈতিক সহিংসতা ও ভিন্নমত দমনের চেষ্টাকে উদ্বেগজনক বলে উল্লেখ করেন এনসিপির আহ্বায়ক। তাঁর অভিযোগ, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত রাজনৈতিক শক্তির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বিদেশেও সহিংসতা ও ভীতি প্রদর্শনের মাধ্যমে ভিন্নমত দমনের চেষ্টা করছে।
নাহিদ ইসলামের মতে, এ ধরনের ঘটনা শুধু প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তার জন্যই হুমকি নয়, বরং গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক স্বাধীনতার জন্যও উদ্বেগজনক। এ অবস্থায় হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, এর আগে ১৫ নভেম্বর কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে নাহিদ ইসলামের একটি আলোচনা সভাকে কেন্দ্র করেও তাঁকে হেনস্তার চেষ্টার অভিযোগ উঠেছিল।


























