ফরিদপুরে পদ্মার ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ
- আপডেট সময় : ০৪:১১:০২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
- / ১৬০১ বার পড়া হয়েছে
ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নে পদ্মা নদীর তীব্র ভাঙনে ভিটেমাটি ও জমিজমা হারানো ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল ও নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) নর্থচ্যানেল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ সহায়তা বিতরণ করা হয়। এ সময় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের সদস্যদের হাতে চাল ও নগদ অর্থ তুলে দেন ফরিদপুর সদর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
নদীভাঙনে বসতভিটা হারিয়ে দুর্ভোগ
সহায়তা বিতরণকালে চৌধুরী নায়াব ইউসুফ বলেন, পদ্মার তীব্র ভাঙনে নর্থচ্যানেল ইউনিয়নের অনেক পরিবার বসতভিটা ও জমিজমা হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। দুর্যোগ ও সংকটের সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো দায়িত্বের অংশ।
তিনি বলেন, সেই দায়িত্ববোধ থেকেই নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো হয়েছে। সংকটে থাকা পরিবারগুলোর প্রয়োজন বিবেচনায় নিয়ে তাদের সহায়তা করার চেষ্টা করা হচ্ছে।
পুনর্বাসন ও চিকিৎসায় পাশে থাকার আশ্বাস
চৌধুরী নায়াব ইউসুফ আরও বলেন, প্রতিটি দুর্যোগ ও সংকটে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা তাদের নির্বাচনী অঙ্গীকার। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী নদীভাঙনকবলিত অসহায় মানুষের পুনর্বাসন ও চিকিৎসায় ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
কিছুটা স্বস্তি পাবে ক্ষতিগ্রস্ত পরিবার
স্থানীয়রা জানান, পদ্মার ভাঙনে নর্থচ্যানেল ইউনিয়নের বিভিন্ন এলাকায় বসতভিটা ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। এতে অনেক পরিবার ঘরবাড়ি ও আয়ের উৎস হারিয়ে চরম দুর্ভোগের মধ্যে পড়েছে।
নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এসব পরিবারের জন্য চাল ও নগদ অর্থ সহায়তা কিছুটা হলেও স্বস্তি নিয়ে আসবে বলে জানান স্থানীয়রা। তারা ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে আরও সহযোগিতা কামনা করেন।
সহায়তা বিতরণ অনুষ্ঠানে স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।





















