ফরিদপুরে কুমার নদ থেকে মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৩:৩৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
ফরিদপুরের নগরকান্দায় কুমার নদে গোসল করতে নেমে নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর পাউচা মাতুব্বর (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১০টার দিকে প্রায় দেড় ঘণ্টার উদ্ধার অভিযান শেষে ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার পূর্ব দিকে নদীর পানির নিচ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত পাউচা মাতুব্বর নগরকান্দা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মিরাকান্দা গ্রামের মৃত আব্দুস সাত্তার মাতুব্বরের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি ওই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মরহুম আজাদের বড় ভাই।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ৯টার দিকে বাড়ির পাশের কুমার নদে গোসল করতে নামেন পাউচা মাতুব্বর। নদীতে নামার আগে ঘাটে তাঁর মোবাইল ফোন ও নগদ ৫০ হাজার টাকা রেখে যান। দীর্ঘ সময় পরও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। রাতভর আশপাশের এলাকা ও নদীতে সন্ধান চালিয়েও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
শুক্রবার সকাল ৭টার দিকে বিষয়টি নগরকান্দা ফায়ার সার্ভিসকে জানানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় দেড় ঘণ্টা পর ঘটনাস্থল থেকে আধা কিলোমিটার পূর্ব দিকে নদীর পানির নিচে তাঁর মরদেহের সন্ধান পাওয়া যায়।
নিহতের পরিবারের সদস্যরা জানান, পাউচা মাতুব্বর আগে থেকেই শারীরিক সমস্যায় ভুগছিলেন। পানি দেখলে তাঁর অসুস্থতা বেড়ে যেত। তাঁদের ধারণা, নদীতে গোসল করতে নামার পর অসুস্থ হয়ে পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়েছে।
এ ঘটনায় মিরাকান্দা গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
























