প্রযুক্তি ব্যবহার নয়, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: আইসিটি মন্ত্রী
- আপডেট সময় : ০৪:১০:৪৩ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, মানুষের চিন্তাশক্তিকে বাদ দিয়ে রোবোটিকস সম্ভব নয়। রোবোটিকস, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও দেশের মেধাবী তরুণরা একই সঙ্গে এগিয়ে যাবে।
তিনি বলেন, প্রযুক্তিনির্ভর শিক্ষা, উদ্ভাবন, দক্ষতা উন্নয়ন ও প্রযুক্তিগত অগ্রগতিতে দেশের তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাদের শুধু প্রযুক্তি ব্যবহার নয়, নতুন প্রযুক্তি উদ্ভাবনের দিকে মনোযোগ দিতে হবে।
শনিবার (৮ আগস্ট) দুপুরে গাজীপুরের কালিয়াকৈর হাইটেক পার্কে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশের আয়োজনে জাতীয় রোবোটিক উৎসব ‘রোবোফিউশন ১.০’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের গবেষণা থেকে নতুন উদ্ভাবন ও প্রযুক্তি বেরিয়ে আসতে হবে। তরুণরা শুধু চাকরির জন্য প্রস্তুত হবে না; বরং উদ্ভাবনের মাধ্যমে দেশে কর্মসংস্থান সৃষ্টি করবে এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের সক্ষমতার পরিচয় তুলে ধরবে।
তিনি বলেন, প্রযুক্তিকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার পাশাপাশি কীভাবে প্রযুক্তিকে কাজে লাগিয়ে নতুন কিছু উদ্ভাবন করা যায়, সে লক্ষ্যেই এগিয়ে যেতে হবে। এ জন্য সরকার প্রযুক্তিগত অবকাঠামো উন্নয়ন ও গবেষণার বিকাশে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের বিষয়ে মন্ত্রী বলেন, ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ দ্রুত শুরু হবে। জমি অধিগ্রহণসহ যেসব জটিলতা রয়েছে, তা দ্রুত নিরসনের উদ্যোগ নেওয়া হবে।
জাতীয় রোবোটিক উৎসবে সারা দেশের পাঁচ শতাধিক শিক্ষার্থী ও তরুণ উদ্ভাবক অংশ নেন। প্রতিযোগিতায় বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ১৬৬টি নিবন্ধিত দল বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করছে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. মোক্তার আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবর রহমান, সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি, তথ্য ও প্রযুক্তি বিভাগের সচিব মো. মামুনুর রশিদ ভুইয়া এবং গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করিম ভূইয়াসহ অনেকে।



























