প্রধানমন্ত্রীকে কটূক্তি, ইনকিলাব মঞ্চের সদস্য আটক
- আপডেট সময় : ১২:০৬:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
গাজীপুরে অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি করার অভিযোগে আব্দুল্লাহ সিফাত (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি ‘ইনকিলাব মঞ্চ’-এর গাছা শাখার সদস্য বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে গাজীপুর মহানগরের গাছা থানা পুলিশ তাকে আটক করে।
আটক আব্দুল্লাহ সিফাত গাজীপুর মহানগরীর ৩৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ খাইলকুর টিনের মসজিদ এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মো. সিকান্দার আলীর ছেলে।
ফেসবুকে ভিডিও প্রকাশ
পুলিশের ভাষ্য, সম্প্রতি সিফাত তার বাড়িতে অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ তুলে ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন। ওই ভিডিওতে তিনি প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ও কটূক্তিপূর্ণ বক্তব্য দেন বলে অভিযোগ রয়েছে।
পরে ভিডিওটি পুলিশের নজরে এলে তাকে আটক করা হয়।
থানার সামনে অবস্থান
সিফাতকে আটকের খবর ছড়িয়ে পড়ার পর গাছা থানার সামনে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন গাজীপুর মহানগর যুবশক্তির নেতাকর্মীরা থানার সামনে অবস্থান নেন।
তাদের নেতৃত্ব দেন সংগঠনটির মহানগর আহ্বায়ক তারিকুল ইসলাম তারেক ও সিনিয়র মুখ্য সংগঠক শাকিল সর্দার। সিফাতকে মুক্তি না দেওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
এর আগে বৃহস্পতিবার রাতে সিফাতকে আটকের বিষয়টি নিয়ে এনসিপি ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা থানার সামনে মুখোমুখি অবস্থান নেন। এ সময় দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
‘নাগরিক অধিকার’ দাবি
এ বিষয়ে এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নির্বাহী কাউন্সিল সদস্য অ্যাডভোকেট আলী নাসের খান বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে এক যুবককে গাছা থানা পুলিশ আটক করেছে। তার ভাষা নিয়ে সমস্যা থাকলেও তাকে গ্রেপ্তার করা নাগরিক অধিকারের পরিপন্থী বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে আটকের ঘটনার নিন্দা জানান।
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রাব্বানী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে সিফাতকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
























