পুলিশের কাজে কেউ হস্তক্ষেপ করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৩১:২৫ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
পুলিশের কাজে কেউ হস্তক্ষেপ করতে পারবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে পুলিশের জবাবদিহিতা নিশ্চিত করা হবে। সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত জন্য নতুন করে কমিশন গঠন করতে চায় সরকার। এদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে চীন সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
টানা কর্মব্যস্ততা পরও সোমবার সচিবালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর থেকে ধারাবাহিকভাবে প্রশাসনিক কার্যক্রম তদারকি করছেন তিনি।
সচিবালয়ে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী। সকাল ১১টায় তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে অভিনন্দন জানায় চীন সরকার। দেশটিতে সফরের জন্য আমন্ত্রণও জানানো হয় তারেক রহমানকে।
এরপর মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ চালু সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, যত দ্রুত সম্ভব ফ্যামিলি কার্ডের মতো কৃষক কার্ড দেয়া শুরু হবে।
এদিকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর-সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময় শেষে, আলোচনার বিষয় বস্তু তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।
তিনি জানান,সড়ক অবরোধ করে দাবি আদায়ের দিন শেষ। বৈধ দাবি থাকলে যথাযথ কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দিতে হবে। পুলিশের কাজে কেউ আর হস্তক্ষেপ করতে পারবে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
বিডিআর বিদ্রোহের ঘটনায় নতুন করে কমিশন গঠন করা হবে বলে জানান সালাহউদ্দিন আহমেদ।






















