পাটগ্রামে ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়মের অভিযোগ
- আপডেট সময় : ১২:৩৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
লালমনিরহাটের পাটগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন নিয়োগপ্রত্যাশীরা। বিক্ষোভের একপর্যায়ে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেনকে তাঁর কার্যালয়ে কিছু সময়ের জন্য অবরুদ্ধ করে রাখেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ৮টার দিকে পাটগ্রাম উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।
বিক্ষোভকারীদের অভিযোগ, তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগে স্বচ্ছতা ও যোগ্যতার প্রতিফলন ঘটেনি। চূড়ান্ত ফলাফলে স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেনের মাধ্যমে অযোগ্য ব্যক্তিদের নির্বাচিত করা হয়েছে বলে দাবি করেন তারা।
এ সময় আন্দোলনকারীরা প্রকাশিত ফলাফল বাতিল করে পুনরায় নিরপেক্ষভাবে যাচাই-বাছাই এবং নতুন করে ফলাফল প্রকাশের দাবি জানান। তারা বলেন, নিয়োগ প্রক্রিয়ার সুষ্ঠু তদন্ত করে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আন্দোলনকারীরা ইউএনওর কাছে নিয়োগ প্রক্রিয়ার পুনর্মূল্যায়নের দাবি জানান এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁকে কিছু সময়ের জন্য কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন।
এ বিষয়ে বক্তব্য জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত হায়াত প্রধান (বাবু) বলেন, “সরকারি এই গুরুত্বপূর্ণ প্রকল্পের নিয়োগে চরম অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। আমরা অবিলম্বে এই বিতর্কিত ফলাফল বাতিলের দাবি জানাচ্ছি।”
তিনি আরও বলেন, লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধানের পক্ষ থেকে আন্দোলনকারীদের বিষয়টি সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। তিনি জানান, সংসদ সদস্য স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা শুরু করেছেন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিতর্কিত ফলাফল বাতিল করে পুনরায় পরীক্ষা নিয়ে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।
























