নাইক্ষ্যংছড়ির জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রম উদ্বোধন
- আপডেট সময় : ০৫:৫৬:০২ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রম উদ্বোধন করেছেন সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী।
প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পের আওতায় এই খাল খননের কাজ শুরু হয়েছে। পাহাড়ের পাদদেশে নারী-পুরুষ সারিবদ্ধভাবে খনন করছেন খাল। কেউ বহন করছে মাটি, কেউবা সমান করছেন খালের পাড়। সোমবার দুপুরে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের বড়ুয়াপাড়ায় চলছে এই কর্মযজ্ঞ। এই খাল পুনঃখনন ও সংস্কার হলে বড়ুয়া পাড়া থেকে সালামি পাড়া বৃষ্টিজনিত জলবদ্ধতা থেকে স্থায়ী মুক্তি পাবে ১০ গ্রামের মানুষ, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। অন্যদিকে কৃষি জমিতে সেচ সুবিধা বাড়বে, যা কৃষকদের উৎপাদন বাড়াতে সহায়ক হবে। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আড়াই কিলোমিটার দীর্ঘ এই খাল খননে খরচ হবে ১ কোটি ১২ লক্ষ টাকা। কাজ করছেন ২৬৯ জন শ্রমিক।

























