দেশের উত্তর-পূর্বাঞ্চলের চার নদীর পানি বিপৎসীমার কাছে
- আপডেট সময় : ০১:১৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
- / ১৫২৪ বার পড়া হয়েছে
দেশে ও সীমান্তবর্তী ভারতের রাজ্যগুলোতে অতি ভারী বৃষ্টির প্রভাবে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের চার নদীর পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে। নদীগুলো হলো সুরমা, কুশিয়ারা, সোমেশ্বরী ও ভুগাই। পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, বাংলাদেশের শেরপুর ও সুনামগঞ্জে গত ২৪ ঘণ্টায় প্রায় ২শ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অপরদিকে ভারতের মেঘালয়ে একশ মিলিমিটারের ওপর বৃষ্টিপাত হয়েছে গত ২৪ ঘণ্টায়। বৃষ্টিপাত অব্যাহত থাকায় শুক্রবার থেকে নদীগুলোর পানি আরো বাড়তে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।
বুধবার পানি উন্নয়ন বোর্ড পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র পাউবো জানিয়েছে, উত্তর-পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানির আগামীকাল শুক্রবার থেকে আরও বাড়তে পারে। এ সময়ে সিলেট ও সুনামগঞ্জ জেলায় নদী দুটি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে নদী দুটির পানি বিপৎসীমার ৫০ সেন্টিমিটারের মধ্যে পৌঁছেছে। এদিকে সোমেশ্বরী ও ভুগাই নদীর পানিও বেড়ে বিপৎসীমার কাছাকাছি চলে এসেছে। আগামী তিন দিন এ দুই নদীর পানির আরও বাড়তে পারে। এ সময়ে নেত্রকোনা, ময়মনসিংহ ও শেরপুর জেলায় নদী দুটি সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে। ফলে নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে। পাউবোর তথ্য অনুযায়ী, পর্যবেক্ষণাধীন ১২৭টি নদী স্টেশনের মধ্যে ৮০টিতে পানির সমতল বেড়েছে। ৪৩টিতে কমেছে। আর চারটি স্টেশনে পানির সমতল অপরিবর্তিত রয়েছে।























