দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী, ঐতিহাসিক বলছেন রিজভী
- আপডেট সময় : ১২:৪৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
চার দিনের সরকারি জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরকে বাংলাদেশের জন্য ‘ঐতিহাসিক অর্জন’ হিসেবে অভিহিত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তাঁর মতে, কৃষি, প্রযুক্তি, অর্থনীতি ও ভূরাজনীতিতে বাংলাদেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে প্রধানমন্ত্রীর এ সফর।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাত ২টা ৪৮ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, মন্ত্রিসভার কয়েকজন সদস্য, উপদেষ্টা, সংসদ সদস্য এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
২৯৫ দশমিক ৫ মিলিয়ন ডলারের প্রতিশ্রুতি
বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রিজভী বলেন, প্রধানমন্ত্রীর জাপান সফরে ২৯৫ দশমিক ৫ মিলিয়ন ডলারের প্রতিশ্রুতিসহ বেশ কয়েকটি সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এসব চুক্তি ও সমঝোতা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন।
তিনি বলেন, বিরোধী দলের নেতিবাচক সমালোচনা সত্ত্বেও প্রধানমন্ত্রীর এ সফর বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ অর্জন নিয়ে এসেছে। সফরের মাধ্যমে পাওয়া সুযোগগুলো যথাযথভাবে কাজে লাগানো গেলে দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।
রিজভী আরও আশা প্রকাশ করেন, জাপানের সঙ্গে সহযোগিতা বাড়ানোর মাধ্যমে বাংলাদেশ লুটপাটনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে এসে একটি শক্তিশালী ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে সক্ষম হবে।
প্রধানমন্ত্রীর সফর নিয়ে যা জানালেন অতিরিক্ত প্রেস সচিব
এদিকে, প্রধানমন্ত্রীর সফরের সময় বিমানে যান্ত্রিক ত্রুটির বিষয়ে অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, এ ত্রুটি প্রধানমন্ত্রীর সফর কিংবা দেশে ফেরার ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো প্রভাব ফেলেনি।
এর আগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জাপানের স্থানীয় সময় রাত ১০টা ৫৬ মিনিটে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। বাংলাদেশ সময় তখন রাত ৭টা ৫৬ মিনিট।
জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক
গত ২৬ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে জাপান যান তারেক রহমান। সফরের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি ছিল জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক।
বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, অর্থনৈতিক সহযোগিতা, কৃষি ও প্রযুক্তিসহ বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিষয় উঠে আসে।
সফরকালে জাপানের বিভিন্ন বেসরকারি কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী। এসব আলোচনায় বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানো, নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের বিষয় গুরুত্ব পায়।
প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়
সরকারি সফরের অংশ হিসেবে জাপানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যদের সঙ্গেও মতবিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রবাসীদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা এবং বাংলাদেশের উন্নয়নে তাঁদের ভূমিকার বিষয়েও আলোচনা হয়।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, জাপান সফরে স্বাক্ষরিত চুক্তি ও সমঝোতাগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশে বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর, কর্মসংস্থান এবং অর্থনৈতিক সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরি হবে।





















