তাহসিফের মৃত্যু: ঘনিষ্ঠ বন্ধু দীপকে হেফাজতে নিলো পিবিআই
- আপডেট সময় : ১২:৪০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির (২৮) মৃত্যুর ঘটনায় তার ঘনিষ্ঠ বন্ধু আহমেদ সাহরিয়ার রেজা দীপকে হেফাজতে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ঘটনার রহস্য উদ্ঘাটনে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি তাহসিফের সঙ্গে দীপের চলাফেরা ও বিভিন্ন স্থানে যাতায়াতের তথ্য যাচাই করছেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোড এলাকার একটি বাসা থেকে দীপকে হেফাজতে নেয় পিবিআই।
বন্ধুর ডাকে বাসা থেকে বের হয়েছিলেন তাহসিফ
এর আগে বৃহস্পতিবার তাহসিফের বাবা সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, নিখোঁজ হওয়ার দিন দীপ নামে তার এক বন্ধু বাসায় এসেছিলেন। তিনি তাহসিফকে বাইরে ডেকে নিয়ে যান।
এ সময় তাহসিফ তার মাকে জানিয়েছিলেন, নিচে গিয়ে বন্ধুর সঙ্গে কিছুক্ষণ কথা বলে ফিরে আসবেন। তবে এরপর আর বাসায় ফেরেননি তিনি। পরিবারের সদস্যরা তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো সন্ধান পাননি।
পরবর্তী সময়ে তাহসিফের নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগ তৈরি হয়। পরিবারের পক্ষ থেকে তাকে খুঁজে পেতে বিভিন্নভাবে চেষ্টা করা হয়।
একসঙ্গে চলাফেরার তথ্য যাচাই করছে পিবিআই
পিবিআইয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, তাহসিফের মৃত্যুর ঘটনা তদন্তের অংশ হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য দ্বীপকে হেফাজতে নেওয়া হয়েছে।
তদন্তসংশ্লিষ্ট ওই কর্মকর্তা আরও জানান, তাহসিফ ও দ্বীপ একসঙ্গে ছিলেন—এমন তথ্য পাওয়া গেছে। তারা কোথায় কোথায় গিয়েছিলেন এবং নিখোঁজ হওয়ার আগে তাদের মধ্যে কী ধরনের যোগাযোগ হয়েছিল, সেসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
তদন্তের স্বার্থে তাদের চলাফেরা, অবস্থান এবং সংশ্লিষ্ট অন্যান্য তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। তবে তাহসিফের মৃত্যুর ঘটনায় দ্বীপের সম্পৃক্ততা এখনো নিশ্চিত নয়।
তুরাগ নদ থেকে উদ্ধার হয় তাহসিফের মরদেহ
প্রসঙ্গত, নিখোঁজ হওয়ার এক দিন পর বুধবার (২৮ অক্টোবর) বিকেলে ঢাকার তুরাগ নদ থেকে তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। তার মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
তাহসিফ সাউরি বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও প্রকাশের সঙ্গে তার নাম জড়িয়ে আলোচনার সৃষ্টি হয়েছিল। তবে ওই ভিডিও প্রকাশের দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
তাহসিফের মৃত্যুর পেছনে কী কারণ রয়েছে, তিনি কীভাবে তুরাগ নদে পৌঁছালেন এবং ঘটনার সঙ্গে কারও সম্পৃক্ততা আছে কি না—এসব প্রশ্নের উত্তর খুঁজছে তদন্তকারী সংস্থা।





















