তাজিয়া মিছিলে বিরোধের জেরে পরিচ্ছন্ন কর্মীকে কুপিয়ে হত্যা
- আপডেট সময় : ০৯:৩৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
- / ১৫৯৭ বার পড়া হয়েছে
রাজধানীর বাংলাবাজার এলাকায় তাজিয়া মিছিলকে কেন্দ্র করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) এক পরিচ্ছন্ন কর্মী নিহত হওয়ার অভিযোগ উঠেছে। নিহত জাকির (৩০) পলাশী এসটিএসের পরিচ্ছন্ন কর্মী হিসেবে কর্মরত ছিলেন।
অভিযোগ অনুযায়ী, শুক্রবার বিকেলে বাংলাবাজার এলাকায় তাজিয়া মিছিল বের হওয়ার সময় একদল কিশোর তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। স্থানীয়দের দাবি, জাকির একজন নিরীহ ও নিরপরাধ শ্রমজীবী মানুষ ছিলেন এবং তার সঙ্গে কোনো ধরনের বিরোধের তথ্য জানা যায়নি।
ঘটনার পর এলাকাবাসী ও বিভিন্ন সামাজিক মহল এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছে। একই সঙ্গে ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজে থাকা সন্দেহভাজন ব্যক্তিদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, প্রতিবছর তাজিয়া মিছিলকে কেন্দ্র করে কিছু দুর্বৃত্ত ও কিশোর গ্যাং সদস্য এলাকায় সংঘর্ষ, ছিনতাই ও সহিংস কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
ওসি মতিউর রহমান বলেন, ওই যুবক তাজিয়া মিছিলের সঙ্গেই ছিলেন। কয়েকজন মিলে ধাওয়া দিয়ে তাকে মিছিলের বাইরে নিয়ে যায়। পরে নির্মাণাধীন একটি ভবনের নিচে তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয়। গুরুতর আহত অবস্থায় তকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় ওই যুবক।
এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তদন্ত চলছে বলে জানা গেছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
























