ঝালকাঠি খাদ্য গুদামে অভিযান, চালের মান নিয়ে সন্তোষ প্রকাশ
- আপডেট সময় : ০৩:০৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
- / ১৫৯০ বার পড়া হয়েছে
নিম্নমানের চাল সরবরাহের অভিযোগের পর ঝালকাঠি গ্রেড-১ এলএসডি (লোকাল সাপ্লাই ডিপো) খাদ্য গুদাম পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এসএম জিয়া উদ্দিন হায়দার।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সরেজমিনে পরিদর্শন শেষে তিনি জানান, গুদামে সংরক্ষিত চালের মান সন্তোষজনক বলে প্রতীয়মান হয়েছে। তবে অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
পরিদর্শনকালে এসএম জিয়া উদ্দিন হায়দার বলেন, নিম্নমানের চাল সরবরাহের অভিযোগের সত্যতা যাচাই করতেই তিনি গুদাম পরিদর্শনে এসেছেন। কোনো অনিয়ম বা দায়িত্বে অবহেলা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) শফি উদ্দিন আহম্মদ, সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে গুদামে থাকা চাল পরীক্ষা করে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে চালের মান ও সরবরাহ ব্যবস্থায় সতর্ক থাকার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।





















