চীনে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
- আপডেট সময় : ০৫:৩৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
- / ১৫৫১ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচিত বেইজিং সফর শেষ হওয়ার মাত্র চার দিনের মাথায় এবার চীনে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল স্থানীয় সময় রাত সোয়া ১১টায় বেইজিং বিমানবন্দরে তাকে রাজকীয় অভ্যর্থনা জানানো হয়। ট্রাম্পের মতোই পুতিনকেও লাল গালিচা সংবর্ধনা এবং সামরিক ব্যান্ডদলের সুরের মূর্ছনায় স্বাগত জানায় বেইজিং।
পুতিনের এই সফরের মূল লক্ষ্য শি জিনপিংয়ের সাথে আন্তর্জাতিক ও আঞ্চলিক ভূ-রাজনীতি নিয়ে নিবিড় আলোচনা। ক্রেমলিনের মতে, ২০২২ সালে ইউক্রেন অভিযান শুরুর পর পশ্চিমা বিশ্বের সাথে মস্কোর দূরত্ব বাড়লেও চীনের সাথে সম্পর্ক পৌঁছেছে অন্য এক উচ্চতায়। বিশেষ করে ট্রাম্পের সফরের পর পুতিনের এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করছেন বিশ্লেষকরা।
সফরের অন্যতম প্রধান এজেন্ডা জ্বালানি তেল ও মধ্যপ্রাচ্য পরিস্থিতি। চীন রুশ তেলের সবচেয়ে বড় ক্রেতা হলেও, সম্প্রতি ট্রাম্প দাবি করেছেন— বেইজিং যুক্তরাষ্ট্র থেকে তেল কিনতে রাজি হয়েছে। নিজের বাজার ধরে রাখার পাশাপাশি মধ্যপ্রাচ্যের সংঘাতে চীনের ভবিষ্যৎ ভূমিকা কী হবে, তা জানাই এখন পুতিনের প্রধান লক্ষ্য। দুই নেতার এই বৈঠক বৈশ্বিক সমীকরণে নতুন কোনো মোড় আনে কি না, সেদিকেই এখন তাকিয়ে বিশ্ববাসী।
























