চারদিনে বিএসএফের ২৩টি পুশইনের চেষ্টা ব্যর্থ
- আপডেট সময় : ০৩:২৫:৪২ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
বিজিবির কড়া বাধা ও অনমনীয় অবস্থানের মুখে অবশেষে শিশু এবং অন্তঃসত্ত্বা নারীসহ ২১ ভারতীয় নাগরিককে সীমান্ত থেকে ফেরত নিয়ে গেছে বিএসএফ। সীমান্তে এমন পরিস্থিতির মধ্যেই দিল্লীতে মহাপরিচালক পর্যায়ে চার দিনের সীমান্ত সম্মেলন শুরু হয়েছে। বর্তমান সরকারের আমলে এটাই প্রথম সীমান্ত সম্মেলন।
বিজিবি জানায়, গত ৩ থেকে ৬ জুন পর্যন্ত চার দিনে ঝিনাইদহ সীমান্ত, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বঙ্গাবাড়ী সীমান্ত, নওগাঁর সাপাহার উপজেলার হাপানিয়া, লালমনিরহাটের বারখাতা, পাটগ্রাম ও আশপাশের সীমান্ত এলাকা এবং পঞ্চগড় সীমান্ত দিয়ে সরাসরি বিএসএফের সহযোগিতায় ২৩টি পুশ-ইনের ঘটনায় দুই শতাধিক ব্যক্তিকে ঠেলে পাঠানোর চেষ্টা হয়েছিল। প্রত্যেকটি পুশ-ইন বিজিবি দৃঢ়তার সাথে ঠেকিয়ে দেয়। সবশেষে ঠাকুরগাঁওয়ের মশালগাঁও সীমান্তে টানা ৪৮ ঘণ্টা শূন্যরেখায় মানবেতর জীবনযাপনের পর, আজ ভোরে অন্তঃসত্ত্বা নারী ও শিশুসহ ১১ জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয় বিএসএফ। এদিকে পঞ্চগড়ের বড়বাড়ি প্রধানপাড়া সীমান্ত থেকেও গভীর রাতে বৈদ্যুতিক আলো নিভিয়ে বাকি ১০ ভারতীয় মুসলিম নাগরিককে ফেরত নিয়ে গেছে তারা।
এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সীমান্তবর্তী ১১ জেলায় আনসার মোতায়েন করা হয়েছে।

























