চাঁপাইনবাবগঞ্জে গৃহশিক্ষিকার বস্তাবন্দী মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৬:০১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
- / ১৫৬১ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় মরিয়ম বেগম নামে এক গৃহশিক্ষিকার বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে এক নারী ও তার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়া হয়েছে।
নিহত মরিয়ম বেগম নামোশংকরবাটি এলাকার উজ্জ্বলপাড়া গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় এক শিক্ষার্থীর বাসায় নিয়মিত প্রাইভেট পড়াতে যেতেন। সোমবার দুপুর থেকে নিখোঁজ থাকার পর মঙ্গলবার সকালে নামোশংকরবাটি চৌকা পাড়া এলাকা থেকে তার বস্তাবন্দী মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মরদেহে মাথা ও ঠোঁটে আঘাতের চিহ্ন রয়েছে। কানের দুলও ছেঁড়া অবস্থায় পাওয়া গেছে। স্থানীয়দের দাবি, অভিযুক্ত নারী সুমি খাতুনের বিরুদ্ধে আগেও চেতনানাশক খাইয়ে স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগ ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের উদ্দেশ্যে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে বিষয়টি তদন্তাধীন বলে জানিয়েছে পুলিশ। সন্দেহভাজন সুমি খাতুন ও তার স্বামী রুবেলকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

























